- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৬, ২০২৫
বোলারদের দাপটে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে এগিয়ে গেল ভারত
ব্যাটাররা সেরাটা দিতে না পারলেও জ্বলে উঠলেন বোলাররা। বোলারদের হাত ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। চতুর্থ ম্যাচে ভারতের জয় ৪৮ রানে। দুরন্ত বোলিং অক্ষর প্যাটেলের।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। চতুর্থ ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল শুভমান গিলের ফর্ম নিয়ে। শুভমান এদিন রানে ফিরলেন ঠিকই, কিন্তু রান তোলার গতি একেবারেই টি২০ সুলভ ছিল না। জশ হ্যাজেলউড না খেলার সুযোগও কাজে লাগাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। তবুও ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে ৫৬ রান তোলে ভারত।
দারুণ শুরু করেও অভিষেক শর্মা (২১ বলে ২৮) বড় রান পেলেন না। এদিন তিন নম্বরে পাঠানো হয়েছিল শিবম দুবেকে। ১৮ বলে ২২ রান করে তিনি নাথান এলিসের বলে বোল্ড হন। ক্রিজে নেমেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে ঝড় তুলেছিলেন সূর্যকুমার যাদব। অন্যদিকে ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান। ১৫তম ওভারে নাথান এলিসের প্রথম বলেই বোল্ড হন শুভমান। ৩৯ বলে তিনি করেন ৪৬। সুর্য শুরু থেকে ঝড় তুললেও তাঁর ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। ১০ বলে ২০ রান করে ১৬তম ওভারে জেভিয়ার বার্টলেটের প্রথম বলে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
সূর্য আউট হওয়ার পরপরি ধস নামে ভারতীয় ইনিংসে। পরপর ফিরে যান তিলক ভার্মা, জিতেশ শর্মা ও ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে তিলক (৬ বলে ৫) ও জিতেশকে (৪ বলে ৩) একই ওভারে তুলে নেন অ্যাডাম জাম্পা। ওয়াশিংটনকে (৭ বলে ১২) ফেরান নাথান এলিস। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের (১১ বলে অপরাজিত ২১) সৌজন্যে ২০ ওভারে ১৬৭/৮ রানে পৌঁছয় ভারত। দুরন্ত বোলিং করে ২১ রানে ৩ উইকেট নেন নাথান এলিস। ৪৫ রানে ৩ উইকেট অ্যাডাম জাম্পার।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড না থাকায় এদিন মিচেল মার্শের সঙ্গে শুরু করেছিলেন ম্যাথু শর্ট। মার্শ ও শর্ট ওপেনিং জুটিতে তোলেন ৩৭। শর্টকে (১৯ বলে ২৫) তুলে নিয়ে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। এরপর মার্শকে (২৪ বলে ৩০) ফেরান শিবম দুবে। দূরন্ত বোলিং করে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে চাপে রাখেন অক্ষর প্যাটেল। জশ ইংলিসও (১১ বলে ১২) তাঁর শিকার।
এক ওভারের ব্যবধানে টিম ডেভিড ( ৯ বলে ১৪) ও জশ ফিলিপিসের (১০ বলে ১০) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ডেভিডকে ফেরান শিবম দুবে। ফিলিপসকে তুলে নেন অর্শদীপ সিং। ভরসা ছিল গ্লেন ম্যাক্সওয়েলের (৪ বলে ২)। তিনি এখন অতীতের ছায়া। ম্যাক্সওয়েলকে ফেরান বরুণ চক্রবর্তী। মার্কাস স্টয়নিস (১৯ বলে ১৭) ও জেভিয়ার বার্টলেটকে (০) পরপর দু’বলে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ করে দেন ওয়াশিংটন সুন্দর। শেষপর্যন্ত ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩টি, অক্ষর প্যাটেল ও শিবম দুবে ২টি করে উইকেট পান।
❤ Support Us






