Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৫

বৃক্ষরোপন, শোভাযাত্রায় সুন্দরবন দিবস উদযাপন

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃক্ষরোপন, শোভাযাত্রায় সুন্দরবন দিবস উদযাপন

ডাঙায় বাঘ, জলে কুমির। এই নিয়ে সুন্দরবনের মানুষকে জীবন যাপন করতে হয়। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। সুন্দরবন দিবসে সুন্দরবনকে রক্ষা ও যত্ন করার আহ্বান জানালেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা। সুন্দরবন দিবসে ম্যানগ্রোভ রক্ষার শপথ নিলেন হিঙ্গলগঞ্জের মানুষ।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকে মহা সমারোহে পালিত হল সুন্দরবন দিবস। উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জেসলিন কাউর, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বিডিও দেবদাস গাঙ্গুলি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন প্রমুখ।

দুলদুলি পঞ্চায়েতে লেবুখালি বাসস্ট্যান্ডে অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় শামিল হল এলাকার মানুষ। সুন্দরবনকে রক্ষা করা ও ম্যানগ্রোভ নিধন বন্ধ করার দাবি সম্বলিত নানা প্লাকার্ড হাতে এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ হাঁটেন। সুন্দরবনের জীব বৈচিত্র এবং জীবন জীবিকা নিয়ে হিঙ্গলগঞ্জের ৯ পঞ্চায়েত সহ পুলিশ, প্রশাসন, বনদপ্তর স্টল দেয়। সুন্দরবন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তারা এদিন বলেন, সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ম্যানগ্রোভ চারা রোপনের ওপর গুরুত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পঞ্চায়েত সমিতি, ব্লক প্রাশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ম্যানগ্রোভ রক্ষায় এগিয়ে এসেছে। সুন্দরবন এলাকার মানুষকে সচেতন হতে হবে। এটা তাঁদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এগিয়ে আসতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!