Advertisement
  • দে । শ বৈষয়িক
  • ডিসেম্বর ১৮, ২০২৫

সংসদে বিল পাস, ভারতের বিমাক্ষেত্রে এবার ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদে বিল পাস, ভারতের বিমাক্ষেত্রে এবার ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ

দেশের সংসদে পাস হয়ে গেল “সবকা বিমা সবকী রক্ষা” সংশোধনী বিমা বিল ২০২৫, যা দেশের বিমাক্ষেত্রে সরাসরি ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দিল। বিলটি মঙ্গলবার লোকসভায় পাস হওয়ার পর বুধবার রাজ্যসভাতেও ধ্বনিভোটে পাস হয়। সংসদের উভয় কক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এটি আইন হিসেবে কার্যকর হবে।

এর আগে ভারতে বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) অনুমোদিত ছিল। সংশোধনী বিলের মাধ্যমে বিদেশি সংস্থাগুলি এখন পূর্ণ বিনিয়োগ করতে পারবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এই আইনের ফলে বিদেশি সংস্থা থেকে আরও বিনিয়োগ আসবে, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেছেন, প্রতিযোগিতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ সস্তায় বিমা কিনতে পারবে।

বিল পাসকে তড়িঘড়ি করা হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ তুললেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, গত দুই বছরের বিচার-বিবেচনার পরই বিলটি আনা হয়েছে। এই বিলের ফলে ১৯৩৮ সালের বিমা আইন, ১৯৫৬ সালের LIC আইন এবং ১৯৯৯ সালের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইনেও পরিবর্তন আসছে। পাশাপাশি, বিমা সংস্থার সঙ্গে বিমা বহির্ভূত সংস্থা যুক্ত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।

কেন্দ্রীয় সরকারের মতে, এই সংশোধনী বিল দেশের বিমাক্ষেত্রে বিপ্লব ঘটাবে। স্বাধীনতার শতবর্ষ ২০৪৭ সালের মধ্যে প্রত্যেক ভারতীয় নাগরিককে বিমার আওতায় আনা সম্ভব হবে। এ ছাড়া, LIC-এর জন্য বিদেশে শাখা বিস্তারসহ তহবিলের ঘাটতি দূর হবে।

তবে বিরোধীরা বিলের বেশ কিছু দিক নিয়ে আপত্তি তুলেছেন। প্রথমেই বিলের নামকরণ নিয়ে প্রশ্ন ওঠে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক ভাষার বদলে সরকার নিজেদের রাজনৈতিক স্লোগান বিলের নামকরণে ব্যবহার করেছে। এছাড়া, বিদেশি বিমা সংস্থার সঙ্গে দেশের নাগরিকদের আধার ও প্যান নম্বর ভাগাভাগি করার বিষয়ে কংগ্রেসের আপত্তি রয়েছে। তারা আশঙ্কা করছেন, এতে অর্থনৈতিক জালিয়াতি ও ডিজিটাল অপরাধ বৃদ্ধি পাবে।

DMK নেত্রী কানিমোঝি জানান, ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিমাক্ষেত্রে ৫৪ হাজার কোটি টাকা ঢুকেছে, এবং ১০০ শতাংশ বিনিয়োগ অনুমোদিত হলে আগামী ৯ বছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। তিনি অভিযোগ করেছেন, ভারতে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে বিদেশি সংস্থাগুলি ভারতের ৬০০ বিলিয়ন ডলারের বিমা বাজার দখল করতে পারে। তাঁর মন্তব্য, “এ তো দিনে ডাকাতি; বিদেশি বিনিয়োগকারীরা লাভবান হবেন, দেশি সংস্থাগুলি ডুববে।”

তবু সংসদে বিরোধীদের কোনও সংশোধন প্রস্তাব গৃহীত হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!