Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৬

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী

আরম্ভ ওয়েব ডেস্ক
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী

ভোটের আবহে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অশোক লাহিড়ী-কে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে আনার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে । ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার ইতিহাসে এই প্রথম কোনও বাঙালি এই শীর্ষপদে বসতে চলেছেন। এর আগে নব্বইয়ের দশকের শুরুতে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

কেন্দ্রে নরেন্দ্র মোদি-র সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পনা কমিশনকে বাতিল করে নীতি আয়োগ গঠন করা হয়। সেই সংস্থারই এখন ভাইস চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ী, যিনি অটল বিহারী বাজপেয়ী-র সরকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি বিজ্ঞানী গোবর্ধন দাস-কেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে।

পশ্চিমবঙ্গের ভোট চলাকালীন একযোগে দুই বাঙালিকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোকে রাজনৈতিক দৃষ্টিতে বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অসীমকুমার ঘোষ-কে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছিল।

অশোক লাহিড়ীর রাজনৈতিক জীবনেও রয়েছে উল্লেখযোগ্য অধ্যায়। ২০২১ সালে বিজেপি তাঁকে বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে এবং তিনি জয়ী হয়ে বিধায়ক হন। গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক নীতির কড়া সমালোচক হিসেবে বিধানসভায় বারবার সরব হয়েছেন তিনি। রাজ্য বাজেট পেশের পর বিজেপির হয়ে প্রধান বক্তা হিসেবেও তাঁকে দেখা গেছে। যদিও এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি, তখন থেকেই জল্পনা ছিল কেন্দ্রীয় সরকার তাঁকে বড় কোনও দায়িত্ব দিতে পারে—যা এবার বাস্তবায়িত হল।

নীতি আয়োগের মূল লক্ষ্য দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এই সংস্থার প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন অরবিন্দ পানাগারিয়া। পরে ২০১৭ সালে দায়িত্ব নেন রাজীব কুমার এবং তিনি ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এই পদে ছিলেন । এরপর থেকে দায়িত্বে আছেন সুমন বেরি। এখন সেই পদে বসতে চলেছেন অশোক লাহিড়ী, যদিও তাঁর আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের দিন এখনও ঘোষণা হয়নি।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত পরিকল্পনা কমিশন দেশের উন্নয়ন পরিকল্পনার মূল কেন্দ্র ছিল। এর প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা, যিনি পরবর্তীতে দু’বার দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীও হন। এছাড়াও মনমোহন সিং, মধু দণ্ডবতে এবং যশবন্ত সিং-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই পদে ছিলেন। পি ভি নরসিমা রাও-এর প্রধানমন্ত্রীত্বকালে ডেপুটি চেয়ারম্যান হন প্রণব মুখোপাধ্যায়। পরিকল্পনা কমিশনের শেষ ডেপুটি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আহলুওয়ালিয়া।
গঠনতন্ত্র অনুযায়ী, পরিকল্পনা কমিশনের মতো নীতি আয়োগের চেয়ারম্যান পদে দেশের প্রধানমন্ত্রীই থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!