Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৬, ২০২৬

কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ! পুড়ল চারটি কামরা, আহত একাধিক যাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ! পুড়ল চারটি কামরা, আহত একাধিক যাত্রী

পঞ্জাব থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) আসার পথে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কর্মভূমি এক্সপ্রেসে। ট্রেনের একাধিক কামরায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত চারটি কামরা আগুনে পুড়ে গিয়েছে। ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী ও রেল আধিকারিকেরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জানা গিয়েছে, অমৃতসর থেকে শুক্রবার রওনা দিয়েছিল ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস। পঞ্জাবের সরাই বাঞ্জারা এলাকায় রাজপুরা স্টেশনের কাছে দুপুর প্রায় ১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অম্বালা ডিভিশনের এক সিনিয়র রেল আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিনের পর পঞ্চম কামরায় প্রথম আগুন লাগে। পরে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন আরও তিনটি কামরায়। ফলে মোট চারটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পটিয়ালার জেলাশাসক হিমাংশু অগ্রবাল জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্যান্ট্রি কার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আবার শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্য দিকে, রেল পুলিশের এসএইচও গুরপ্রীত সিংহের দাবি, একটি কামরার পাখায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল এবং পরে তা দ্রুত পরের কামরাগুলিতে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরেই নিশ্চিত ভাবে জানা যাবে।

ইতিমধ্যেই কর্মভূমি এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব দৃশ্যে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরা থেকে দাউদাউ করে আগুন জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। আগুন নেভানোর জন্য রেলকর্মী ও দমকলকর্মীদের তৎপরতাও ধরা পড়েছে ভিডিয়োয়। সংবাদসংস্থা অগ্নিকাণ্ডের ভিডিয়ো প্রকাশ করেছে।

অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত কর্মভূমি এক্সপ্রেসকে আর নিউ জলপাইগুড়ি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে অন্য ট্রেনে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন রেল কর্তৃপক্ষ। তবে বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে আগুন লাগল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা কত দ্রুত সম্পন্ন করা যাবে—এই সব বিষয় খতিয়ে দেখছেন রেল আধিকারিকেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!