Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৬, ২০২৬

রাজ্যের ২৭৫ বিএড কলেজে পড়ুয়া ভর্তি রদ ! ডিগ্রি বিক্রি রুখতে কঠোর পদক্ষেপ উচ্চশিক্ষা দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের ২৭৫ বিএড কলেজে পড়ুয়া ভর্তি রদ ! ডিগ্রি বিক্রি রুখতে কঠোর পদক্ষেপ উচ্চশিক্ষা দফতরের

রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের । শিক্ষার গুণমান ও পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের বহু বিএড কলেজকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে । ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই কলেজগুলির স্বীকৃতি পুনর্নবীকরণ করা হবে না । ফলে সংশ্লিষ্ট কলেজগুলিতে নতুন করে পড়ুয়া ভর্তির সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে । সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে পড়ুয়া, শিক্ষক এবং কলেজের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনওভাবেই শিক্ষাকে পণ্যে পরিণত হতে দেওয়া যাবে না । পাশাপাশি শিক্ষার গুণমান বজায় রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । সেই নির্দেশ মেনেই উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে বিশেষ পরিদর্শন অভিযান চালানো হয় ।

মন্ত্রী জানান, প্রথম দফার পরিদর্শনের পর ১৫৬টি বিএড কলেজকে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল । অন্যদিকে, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে না পারায় ৪১৫টি বিএড কলেজকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২১ দিনের শোকজ নোটিস পাঠানো হয় । এর মধ্যে ৯টি কলেজ কোনো উত্তরই দেয়নি ।

পরবর্তীতে দ্বিতীয় দফার পরিদর্শন চালানোর পর ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ২৩৭টি বিএড কলেজকে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছে । বাকি ২০৫টি কলেজ প্রয়োজনীয় গুণমান ও পরিকাঠামোগত শর্ত পূরণ করতে পারেনি । সেই কারণেই ওই কলেজগুলিতে নতুন করে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

শুধু বিএড কলেজই নয়, রাজ্যের অন্যান্য কারিগরি ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী । তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২৬৫টি আইটিআই প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিতে, ১৩৪টি ফার্মা কলেজের মধ্যে ৩৮টিতে এবং ৭৪টি পলিটেকনিক কলেজের মধ্যে একটিতে ছাত্রছাত্রী ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছে ।

সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সংগঠনগুলি । বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, রাজ্যে একসঙ্গে এতগুলি বিএড কলেজে ভর্তি বন্ধ হয়ে গেলে শিক্ষাক্ষেত্রে বড়সড় বিপর্যয় দেখা দিতে পারে । এই কলেজগুলির সঙ্গে যুক্ত কর্মচারী ও পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে । পাশাপাশি আগামী দিনে যোগ্য শিক্ষক প্রার্থীর অভাবও দেখা দিতে পারে ।

স্বপন মণ্ডলের বক্তব্য, সরকারের উচিত অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করা ।
সব মিলিয়ে, শিক্ষার মান বজায় রাখতে রাজ্য সরকারের এই কঠোর পদক্ষেপ একদিকে যেমন নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া বার্তা, অন্যদিকে তেমনই বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কলেজগুলির পড়ুয়া ও কর্মীরা । এখন দেখার, আগামী দিনে এই সমস্যার সমাধানে রাজ্য সরকার কী পদক্ষেপ করে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!