Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৬, ২০২৬

পটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াই, নিহত তিন অভিযুক্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
পটনায় পুলিশের সঙ্গে গুলির লড়াই, নিহত তিন অভিযুক্ত

বিহারের পটনায় পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর নিহত হলেন খুনের মামলায় অভিযুক্ত তিন ব্যক্তি । শুক্রবার ভোরে পটনা জেলার গঙ্গা তীরবর্তী শেরপুর এলাকায় এই ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে । দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোট ৪২ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে দাবি, গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন তিন অভিযুক্ত। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, এই সংঘর্ষে আহত হয়েছেন মানের থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী রজনীশ কুমার। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে ।

পুলিশের তরফে জানানো হয়েছে, পটনা জেলার মানের থানা এলাকার শেরপুরে কয়েক জন সমাজবিরোধী অশান্তি সৃষ্টির পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে খবর আসে । সেই খবরের ভিত্তিতেই অপরাধদমন অভিযান শুরু করে স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযানে এসটিএফের পাশাপাশি পটনা পুলিশের একটি দলও অংশ নেয় ।

পটনা পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক কার্তিক কুমার শর্মা জানিয়েছেন, পুলিশের যৌথ বাহিনী শেরপুরের নির্দিষ্ট এলাকায় পৌঁছোতেই অভিযুক্তেরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন । সেই সময় গুলিবিদ্ধ হন মানের থানার পুলিশকর্মী রজনীশ কুমার । এরপরই পাল্টা জবাব দেয় পুলিশবাহিনী। শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই ।

পুলিশ সূত্রের দাবি, বেশ কিছুক্ষণ ধরে চলা এই সংঘর্ষে তিন অভিযুক্ত গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!