- দে । শ
- নভেম্বর ৬, ২০২৬
প্রশংসা শর্মিলার
পশ্চিমবঙ্গে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রশংসায় পঞ্চমুখ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার। পূর্বস্থলীতে শারদ সম্মান প্রদান ও বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন শর্মিলা। পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শর্মিলা বললেন, ‘আমি জানি অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। সেই সরকার আসার পর থেকেই মানুষের জন্য প্রচুর কাজ করছে।’ সাংসদের আশা, ‘যেহেতু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, তাই আরও বেশি বেশি উন্নয়ন হবে। সেই সাফল্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়লাভ করলেও রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন শর্মিলা সরকার। তারপর থেকে স্থানীয় এলাকার কর্মসূচিতে তাকে সেভাবে দেখা না গেলেও কিছুদিন হল, পুলিশ-প্রশাসনের বিভিন্ন কর্মসূচি-সহ সামাজিক অনুষ্ঠানগুলিতে সাংসদকে দেখা যাচ্ছে। পূর্বস্থলীতে শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ দাবি করেন, বিগত সরকারগুলির সময় যে উন্নয়নটা হওয়া দরকার ছিল, তা হয়নি।’ সাংসদ মনে করিয়ে দেন, ‘ব্রিটিশ শাসনের সময়ে কলকাতা দেশের রাজধানী ছিল। পশ্চিমবঙ্গের একটা আলাদা গুরুত্ব ছিল। বাম আমল থেকেই সেই গুরুত্ব কমতে শুরু করে।’ সাংসদের সংযোজন, ‘বাম জমানা থেকে শুরু করে পরবর্তীকালে আমরা দেখেছি আমাদের বাংলা যেরকম হওয়ার কথা ছিল, তেমনটা আমরা দেখতে পাইনি। তাই আমরা চাইছি ডবল ইঞ্জিন সরকারের সুফলটা যেন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ পান।’
❤ Support Us





