- দে । শ
- নভেম্বর ৬, ২০২৬
সপ্তম পে কমিশনের আওতায় শিক্ষক-শিক্ষাকর্মীরাও ! নবান্নের বিজ্ঞপ্তিতে স্বস্তি, তালিকায় রাজ্যের ২৫ বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পাশাপাশি এবার সপ্তম পে কমিশনের আওতায় আসতে চলেছেন রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। এই বিষয়ে যাবতীয় সংশয় দূর করে নবান্নের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত হবেন। ফলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
উল্লেখ্য, নবান্নে ক্ষমতার পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সপ্তম পে কমিশন চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর থেকেই কমিশন গঠনের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম শুরু হয়েছে। তবে গ্রান্ট-ইন-এইড বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই কমিশনের সুবিধা পাবেন কি না, তা নিয়ে এতদিন একটা সংশয় ছিল। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
গত আগস্ট মাসে নবান্নে সপ্তম বেতন কমিশনের প্রতিনিধিরা প্রথম বৈঠকে বসেন। ওই বৈঠকে কমিশনের নির্ধারিত ‘টার্মস অফ রেফারেন্স’ অনুযায়ী সরকারি কর্মীদের বিভিন্ন পরিষেবা, বিধিবদ্ধ সংস্থা, নিগম এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৃতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি, গোটা প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য প্রচার, বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং কর্মীদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মী ও প্রতিষ্ঠানগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর হতে পারে। যদিও চূড়ান্ত সুপারিশ ও বাস্তবায়নের সময়সীমা কমিশনের পরবর্তী প্রক্রিয়া এবং রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
সপ্তম পে কমিশনের আওতায় কোন কোন বিশ্ববিদ্যালয়?
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মোট ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় আসবেন। তালিকায় রয়েছে—
১. কলকাতা বিশ্ববিদ্যালয়
২. যাদবপুর বিশ্ববিদ্যালয়
৩. বর্ধমান বিশ্ববিদ্যালয়
৪. কল্যাণী বিশ্ববিদ্যালয়
৫. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
৬. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
৭. বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
৮. গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
৯. নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
১০. মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি
১১. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
১২. পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়
১৩. সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়
১৪. কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
১৫. কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
১৬. ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়
১৭. বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
১৮. রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৯. বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়
২০. সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়
২১. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস
২২. বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
২৩. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
২৪. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস
২৫. আলিয়া বিশ্ববিদ্যালয়
নবান্নের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে সপ্তম পে কমিশন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটল। এবার সকলের নজর কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং রাজ্য সরকারের তরফে বেতন কাঠামো কার্যকর করার পরবর্তী ঘোষণার দিকে।
❤ Support Us






