- বৈষয়িক
- মার্চ ১৯, ২০২৬
নৈতিক মতপার্থক্যের জেরে অতনু চক্রবর্তী-র আকস্মিক ইস্তফা! ৪%-এর বেশি পড়ল এইচডিএফসি ব্যাঙ্ক-এর শেয়ার
একটি আকস্মিক পদক্ষেপে, এইডিএফসি-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক অতনু চক্রবর্তী বুধবার সঙ্গে সঙ্গে কার্যকর হওয়া ইস্তফা দেন। ব্যাংকের গভর্ন্যান্স, নোমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে তিনি জানান, ‘গত দুই বছরে ব্যাংকের ভেতরে কিছু ঘটনা ও কাজের ধরণ আমি লক্ষ্য করেছি, যা আমার ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও স্পষ্ট করেন, ‘এ কারণ ছাড়া আমার পদত্যাগের পেছনে অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই।’
২০২১ সালের মে মাসে বোর্ডে যোগ দেওয়া চক্রবর্তী তাঁর চিঠিতে উল্লেখ করেন যে তাঁর সময়কালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এইচডিএফসি লিমিটেড-এর সঙ্গে ব্যাংকের একীভবন। এই সংযুক্তির ফলে একটি বড় আর্থিক গোষ্ঠী তৈরি হয়েছে এবং এইচডিএফসি দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে। তবে তিনি বলেন, এই একীভবনের পূর্ণ সুফল এখনো পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চক্রবর্তী বলেন, ‘আমি কোনো অনিয়মের অভিযোগ করছি না। কিন্তু আমার আদর্শ ও প্রতিষ্ঠানের কাজের ধরন এক ছিল না, তাই সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছি।’
রিপোর্ট অনুযায়ী, কিছুদিন ধরেই ব্যাঙ্কের বোর্ডের মধ্যে কাজের ধরন নিয়ে অসন্তোষ ছিল। যদিও চক্রবর্তী তাঁর চিঠিতে বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যাঙ্ক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানায়, তাঁর পদত্যাগের কারণ চিঠিতে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কিছু নয়। বোর্ড তাঁর অবদানের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে, রিসার্ভ ব্যাঙ্ক তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে কেকি মিস্ত্রি-র নিয়োগ অনুমোদন করেছে, যা ১৯ মার্চ থেকে কার্যকর। গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তী পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিলেন, যেমন:
অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব (২০১৯-২০)
বাজেট প্রণয়ন ও সংসদে পাশ করানোর দায়িত্বে নেতৃত্ব
ব্যয় বিভাগে ডিরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি (২০০২–২০০৭)
অবকাঠামো প্রকল্প মূল্যায়ন ও ভর্তুকি সংক্রান্ত কাজ
সরকারি আর্থিক ও ক্রয় নীতির আধুনিকীকরণে ভূমিকা
গুজরাট সরকারের অর্থ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন
চক্রবর্তীর পদত্যাগের পর বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। মার্কিন বাজারে তালিকাভুক্ত এইচডিএফসি ব্যাঙ্কের এডিআর প্রায় ৭% পর্যন্ত পড়ে যায়। ভারতীয় বাজারে শেয়ার ৪.৭৩% কমে ৮০০.৪০-টাকায় নেমে আসে, আগের ক্লোজ ৮৪২.৯৫ হয় টাকায় । গত এক মাসে শেয়ার প্রায় ৮% কমেছে। শেয়ার বর্তমানে প্রায় ৫২-সপ্তাহের নিম্নস্তরের কাছাকাছি। ব্রোকারেজ সংস্থা জেপি মর্গান শেয়ারটির ওপর “নিউট্রাল” রেটিং বজায় রেখেছে এবং ১,০৯০ টাকা টার্গেট প্রাইস দিয়েছে। তাদের মতে, ‘এই পদত্যাগের ফলে শেয়ার স্বল্পমেয়াদে দুর্বল থাকতে পারে, যা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আরও প্রভাবিত হতে পারে।’ অতনু চক্রবর্তী-র পদত্যাগে সরাসরি কোনও দুর্নীতির অভিযোগ না থাকলেও “নৈতিক মতপার্থক্য”-এর ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। এই ঘটনায় এইচডিএফসি ব্যাঙ্কের উপর বিনিয়োগকারীদের আস্থা সাময়িকভাবে নড়বড়ে হয়েছে, যার প্রভাব শেয়ার বাজারে স্পষ্ট।
❤ Support Us








