Advertisement
  • বৈষয়িক
  • মার্চ ১১, ২০২৬

রিলায়েন্সের সহায়তায় টেক্সাসে মার্কিন তেল শোধনাগার, বিনিয়োগ ৩০০ বিলিয়ন ডলার

আরম্ভ ওয়েব ডেস্ক
রিলায়েন্সের সহায়তায় টেক্সাসে মার্কিন তেল শোধনাগার, বিনিয়োগ ৩০০ বিলিয়ন ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিস-এর সহায়তায় যুক্তরাষ্ট্রে একটি নতুন তেল শোধনাগার তৈরি করা হবে।

মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই প্রকল্পের কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, প্রায় ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগে এই তেল শোধনাগার তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। প্রায় ৫০ বছরের মধ্যে এটিই হবে যুক্তরাষ্ট্রে নির্মিত প্রথম নতুন বড়ো তেল শোধনাগার।

ট্রাম্পের দাবি, এই প্রকল্পের মাধ্যমে আবারও “প্রকৃত জ্বালানি আধিপত্য” ফিরতে চলেছে আমেরিকার। নতুন শোধনাগারটি মার্কিন বাজারে জ্বালানি সরবরাহ বাড়াবে, পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করবে এবং জ্বালানির উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এই উদ্যোগে ভারতের ভূমিকার জন্য ট্রাম্প বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এই প্রকল্পে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সহায়তা দেবে। তবে এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হওয়া বৃহত্তর কোনও চুক্তির অংশ কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

ট্রাম্প বলেন, তাঁর “আমেরিকা ফার্স্ট” নীতির অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ ফিরে আসবে এবং দেশের জ্বালানি খাতে একটি নতুন মাইলফলক তৈরি হবে।

নতুন এই তেল শোধনাগারটি তৈরি করা হবে ব্রাউন্সভিলে বন্দরে। “আমেরিকা ফার্স্ট রিফাইনিং” নামে একটি উদ্যোগের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

ট্রাম্প আরও জানান, এই শোধনাগার শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই প্রভাব ফেলবে না, বরং কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের পাশাপাশি কর্মসংস্থান ও শিল্পোন্নয়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!