Advertisement
  • দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রায় শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রায় শুভেন্দু

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে চিহ্নিত। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের মুখেও পড়েছে রামনবমী তিথি। তাই প্রচারে জনসংযোগকে বাড়তি গুরুত্ব দিতে বৃহস্পতিবার ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। সাধুসন্তদের তরফ থেকে একটা বড় অংশ এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “লড়াইয়ের ময়দানে দেখা হবে ৷ পুলিশকে এমন উত্তর দিয়েছি বুঝিয়ে দিয়েছি দিন ভালো নয় ।” রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ বিশেষ করে হাওড়া ও হুগলি জেলার উপর বাড়তি নজর রাখছে প্রশাসন ৷ বিগত বছরগুলিতে রামনবমীকে কেন্দ্র করে ওই দুই জেলায় ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল, তা মনে রেখেই এই বিশেষ উদ্যোগ। এবার যাতে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি না-হয় সেদিকে সজাগ রয়েছে প্রশাসন ৷

ভবানীপুরে শুভেন্দু অধিকারী আয়োজিত রামনবমীর এই শোভাযাত্রা এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে অবশেষে হাজরা মোড়ে এসে শেষ হয় ৷ যেখানে শুভেন্দুর শোভাযাত্রা শেষ হয় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে ৷ উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই আসনেই লড়াই হবে মমতা-শুভেন্দুর ৷

রামনবমী উপলক্ষে হাওড়া শহরে এদিন ‘অঞ্জনি পুত্র সেনা’ এবং ‘বিশ্ব হিন্দু পরিষদ’-এর উদ্যোগে রামনবমী শোভাযাত্রা আয়োজনের কথা রয়েছে ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না-পাওয়ার অভিযোগ তুলে আয়োজকরা আদালতের দ্বারস্থ হয়েছিল ৷ কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে এবং পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে এই দু’টি শোভাযাত্রার অনুমতি দিয়েছে । এই দুই শোভাযাত্রাতেও থাকবেন শুভেন্দু অধিকারীর ৷

প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহর এবং বীরভূম জেলার সিউড়ি-সহ রাজ্যের অন্যান্য প্রান্তেও রামনবমীর শোভাযাত্রা বের করা হয়েছে । সে কারণে সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ এক পুলিশ আধিকারিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ।

তিনি আরও জানান যে, শোভাযাত্রায় অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ৷ প্রতিটি শোভাযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ ৫০০-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে । বুধবার ওই আধিকারিক বলেন, “রাজ্যজুড়ে প্রায় ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ ৫০০-এর বেশি অংশগ্রহণকারী নিয়ে কোনও শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হবে না । যদি কোনও শোভাযাত্রা নির্ধারিত নিয়মাবলী লঙ্ঘন করে, তবে সেটি অবিলম্বে থামিয়ে দেওয়া হবে ৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে ।”

পুলিশ জানিয়েছে, হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে । সিআরপিএফ (CRPF)-সহ কেন্দ্রীয় বাহিনীগুলিকে প্রস্তুত রাখা হয়েছে ৷ প্রয়োজন সাপেক্ষে তাদেরও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে । রামনবমী শোভাযাত্রা ও অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য বুধবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় ।

সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা) এবং রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন । সরকারি আধিকারিকদের তথ্য অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ মার্চের মধ্যে রাজ্যজুড়ে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর মধ্যে বৃহস্পতিবারই সর্বাধিক সংখ্যক শোভাযাত্রা বের হবে বলে ধারণা করা হচ্ছে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই সতর্ক দৃষ্টি রেখে চলেছে পুলিশ-প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!