Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩০, ২০২৬

বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৪২ লক্ষের নিষ্পত্তি, প্রকাশিত চতুর্থ অতিরিক্ত তালিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৪২ লক্ষের নিষ্পত্তি, প্রকাশিত চতুর্থ অতিরিক্ত তালিকা

রাজ্যে বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে রবিবার রাত পর্যন্ত ৪২ লক্ষের তথ্য যাচাই ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে । নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম তালিকায় নেই । অন্যদিকে, এখনো প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে, যা মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিলের আগেই সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছে কমিশন ।

এদিকে, পশ্চিমবঙ্গের চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা (চূড়ান্ত তালিকা সহ মোট ৫টি ধাপে প্রকাশিত তালিকার অংশ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন । এই নতুন তালিকায় প্রায় ২ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে । তবে বিবেচনাধীন ভোটারদের মধ্যে ঠিক কতজনের নাম চূড়ান্তভাবে বাদ গেছে, তা এখনও স্পষ্ট নয়। কমিশনের অনুমান, এই তালিকায় থাকা ভোটারদের মধ্যে প্রায় ৪০% থেকে ৪৫% নাম বাদ পড়েছে ।

এসআইআর -এর খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে ইতিমধ্যে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে । প্রথম অতিরিক্ত তালিকা থেকেই প্রায় ১২ লক্ষ নাম বাদ গিয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাই করছেন মোট ৭০৫ জন বিচারক । এই কাজে ভিন্‌রাজ্য থেকেও বিচারকরা এসেছেন । ধাপে ধাপে নিষ্পত্তিকৃত তালিকা প্রকাশের নির্দেশ অনুযায়ী ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়, যদিও সেখানে কতজন যুক্ত বা বাদ পড়েছেন তা স্পষ্ট করা হয়নি।

এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ।
খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। খসড়া তালিকায় অবশিষ্ট ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম । ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও বাদ যায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। ফলে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত মোট বাদ ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ।

খসড়া তালিকায় থাকা ৭ কোটিরও বেশি ভোটারের মধ্যে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে— ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ‘নো-ম্যাপিং’ ভোটার অর্থাৎ যারা ২০০২ সালের এসআইআরের সঙ্গে সংযোগ দেখাতে পারেননি । বাকি প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য ডাকা হয় । সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয় । এর মধ্যে ৮২ লক্ষ ভোটারের নথি সঠিক বলে মেনে নেওয়া হয়। শুনানির ভিত্তিতে প্রাথমিকভাবে ৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয় । প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা: ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। বিবেচনাধীন ভোটার ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। কমিশন জানিয়েছে, অবশিষ্ট যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করে চূড়ান্ত তালিকা সম্পূর্ণ করা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!