Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৪, ২০২৬

সোমবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর জোড়া সভা

আরম্ভ ওয়েব ডেস্ক
সোমবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর জোড়া সভা

পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম সভাটি করবেন নাদনঘাটের সমুদ্রগড়ের নিমতলা ফুটবল মাঠে । সোমবার বিকেলে সংশ্লিষ্ট পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথের সমর্থনে সভা করবেন মমতা । সমুদ্রগড়ের সভায় মমতাকে জনসমুদ্র দেখাতে শুরু হয়ে গেল সাজো সাজো রব ।

পূর্বস্থলী ১নং ও কালনা ১নং ব্লক নিয়ে গঠিত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার টানা ৪ বারের বিধায়ক তৃণমূলের জন্মলগ্নের নেতা স্বপনবাবু । মমতা ব্যানার্জির সভা সফল করতে দলের ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে শুক্রবার পরপর দুটি সভা করলেন তিনি । প্রথম সভাটি হয় পূর্বস্থলী ১নং ব্লকের হেমায়েতপুরে । দ্বিতীয় সভাটি হয় কালনা ১নং ব্লকের বৃদ্ধপাড়ায় । স্বপনবাবু বললেন, ‘বাংলার মা মমতা ব্যানার্জিকে একবার চোখের দেখা দেখতে, কথা শুনতে এলাকার মানুষ মুখিয়ে আছেন । গরম পড়লেও মানুষের উৎসাহের এতটুকু খামতি নেই ।’ জেলা যুব তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি জানালেন, ‘শুধু নাদনঘাট, পূর্বস্থলীই নয়, কালনা, কাটোয়া, মন্তেশ্বর থেকেও বহু মানুষ মমতা ব্যানার্জির সভায় যাবেন । সেদিন জন বিস্ফোরণের সাক্ষী হবে সমুদ্রগড়ের সভা ।’

সভার নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখতে পুলিশ-প্রশাসনের একদল আধিকারিক সভাস্থল নিমতলা ফুটবল মাঠ পরিদর্শন করে যান । কোথায় হ্যালিপ্যাড হবে, কোথায় সভার মঞ্চ বাঁধা হবে, সেইসব জায়গা চিহ্নিত করেন । সভাকে ঘিরে যাতে কোনো অশান্তি না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!