Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৭, ২০২৬

৪৮ ঘন্টা পরেই অসম বিধানসভা নির্বাচন, ৭২২ প্রার্থীর ১০২ জনের বিরুদ্ধে ফৌজদারির অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৮ ঘন্টা পরেই অসম বিধানসভা নির্বাচন, ৭২২ প্রার্থীর ১০২ জনের বিরুদ্ধে ফৌজদারির অভিযোগ

আসন্ন অসম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭২২ জন প্রার্থীর মধ্যে ১০২ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ!‌ অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটাই বাস্তব। এরাই আবার জন প্রতিনিধি হয়ে বিধানসভায় যাবেন। বিধানসভা নির্বাচনের প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে যে, ৭২২ জন প্রার্থীর মধ্যে ১০২ জনের (১৪%) বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ৮২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্য বিধানসভার ১২৬ জন সদস্য নির্বাচিত হবেন। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের হলফনামা জমা দিয়েছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) জানিয়েছে যে, প্রতিদ্বন্দ্বী ৭২২ জন প্রার্থীর মধ্যে ১০২ জন নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। এর অর্থ হল, ১৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ৮২ জন বা ১১ শতাংশ গুরুতর ফৌজদারি অভিযোগের সম্মুখীন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৯৪১ জন প্রার্থীর মধ্যে ১৩৮ জন, অর্থাৎ প্রায় ১৫ শতাংশ, ফৌজদারি মামলার কথা জানিয়েছিলেন। এডিআর রিপোর্ট অনুসারে, এআইইউডিএফ (৩৭%) এবং কংগ্রেসের (২৮%) প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা সর্বাধিক।

প্রার্থীর ফৌজদারি মামলার দিক দিয়ে বিজেপি ও কংগ্রেসের পর অসম বিধানসভার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) সবার চেয়ে এগিয়ে আছে। দলটির ২০ জন প্রার্থীর মধ্যে ১১ জনের, অর্থাৎ ৩৭ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এরপরেই রয়েছে কংগ্রেস। কংগ্রেসের৯৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন, অর্থাৎ ২৮ শতাংশ, ফৌজদারি অভিযোগের সম্মুখীন। অসম গণ পরিষদের ২৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন এবং বিজেপির ৯ শতাংশ প্রার্থী ফৌজদারি অভিযোগের সম্মুখীন।

রায়জোর দলের সভাপতি এবং শিবসাগরের বর্তমান বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে সর্বাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে, ফৌজদারি ষড়যন্ত্র এবং যুদ্ধ উস্কে দেওয়ার মতো গুরুতর অভিযোগসহ গগৈয়ের বিরুদ্ধে ২১টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা বেশিরভাগ ফৌজদারি মামলা ২০১৯ সালের সিএএ বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এই মামলাগুলোর কোনটিতেই তিনি এখনও দোষী সাব্যস্ত হননি।

এআইইউডিএফ–এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বদরুদ্দিন আজমল আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা বিচারাধীন থাকার কথা ঘোষণা করেছেন। এদিকে, ২০২৬ সালের নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র অনুযায়ী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন নেই। হোজাই থেকে বিজেপির আরেক প্রার্থী শিলাদিত্য দেব তাঁর বিরুদ্ধে প্রায় ১৩টি ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন বলে জানা গেছে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!