Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

কলকাতা পুরভোটের স্থগিতাদেশ বহাল ! ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা পুরভোটের স্থগিতাদেশ বহাল ! ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও স্বস্তি মিলল না রাজ্যের। কলকাতা পুরভোট ঘোষণার উপর কলকাতা হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের প্রক্রিয়া স্থগিত রাখার প্রস্তাবও দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। আগামী সোমবার, ৩০ নভেম্বর, মামলার পরবর্তী শুনানি।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে শীর্ষ আদালত জানায়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি ও তথ্যগত বিষয়গুলি বিবেচনার জন্য মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে। সেখানেই মামলার ভবিষ্যৎ এবং পুরভোটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান বিচারপতি স্পষ্ট করেন, আপাতত হাই কোর্টের একক বেঞ্চের দেওয়া বিতর্কিত নির্দেশের উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে। ডিভিশন বেঞ্চ মামলার সমস্ত দিক খতিয়ে দেখে নতুন করে উপযুক্ত নির্দেশ দিতে পারবে।

রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতের প্রস্তাব শোনার পর তিনি মামলাটির পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করার আবেদন জানান। তাঁর বক্তব্য, ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্য সরকার নিজেদের অবস্থান জানাবে। রাজ্যের সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ফলে আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে ৬৮ করার বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। এই দুই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়েই আপত্তি ওঠে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি ভাবে করা হয়েছে, এই অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। একই ভাবে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা এখনও কলকাতা হাই কোর্টেই চলছে।

কলকাতা পুরসভার ভোট ঘোষণা নিয়ে গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলাটি সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

গত সোমবার এই মামলার প্রথম শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, হাই কোর্টে দায়ের হওয়া মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি ছিল ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের পদ্ধতি নিয়ে। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি।

ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে সাধারণ মানুষের আপত্তি ও অভিযোগ শোনার জন্য রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছিল, তাও আদালতে তুলে ধরেন সলিসিটর জেনারেল। তিনি জানান, এই প্রক্রিয়ার জন্য ১০ জন আধিকারিককে নিয়োগ করা হয়েছিল। তাঁরাই সংশ্লিষ্ট আপত্তিগুলির শুনানি করেন। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়েছিল। পাশাপাশি দু’দফায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয় এবং সর্বদলীয় বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও আদালতে দাবি করেন তিনি।

তবে রাজ্য সরকারের ক্ষমতা ও ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের কাছে জানতে চান, কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্বই না থাকে, তা হলে ৬০১ নম্বর ধারা অনুযায়ী সেই পুরসভার কাছ থেকে সুপারিশ পাওয়া সম্ভব কী ভাবে? যে সংস্থার অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

এই আইনি প্রশ্ন এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া ঘিরে জটিলতার মধ্যেই বুধবার মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। তত দিন কলকাতা পুরভোটের ঘোষণা নিয়ে অনিশ্চয়তা বজায় থাকছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!