- দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
প্রাইম টাইমে বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক ! নিয়ম না মানলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বাংলা ছবির জন্য প্রেক্ষাগৃহে জায়গা নেই! বড়ো বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই শো কমছে, কখনো বা হল থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে বাংলা ছবি। এ অভিযোগ নতুন নয়। তবে ‘সাধক বামাক্ষ্যাপা’কে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কে তা ফের প্রকাশ্যে এসেছে। এবার সে সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে টলিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, প্রাইম টাইমে বাংলা ছবির শো রাখতেই হবে। অন্য ভাষার ছবি চলবে, তাতে আপত্তি নেই। কিন্তু তার জন্য বাংলা ছবির নির্ধারিত শো কমানো বা বন্ধ করা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এমনকি লাইসেন্স বাতিলের কথাও ভাবা হতে পারে।
বৈঠকের কেন্দ্রে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়। ছবিটি ২০ নভেম্বর মুক্তি পাওয়ার পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি নির্মাতাদের। বাংলা মাটির নিজস্ব লোকবিশ্বাস, সাধনা এবং লৌকিক-অলৌকিক আখ্যানকে কেন্দ্র করে তৈরি ছবিটি দেখতে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বলেও দাবি প্রযোজনা সংস্থার। এদিকে আগামী ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’র। সে ছবির জন্য প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো রাখতে গিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ২৭ নভেম্বর থেকে ছবিটি হল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’। অথচ মুক্তির পর থেকেই একাধিক শোয়ে দর্শক সমাগম, কোথাও হাউসফুলের খবরও সামনে এসেছে। তা হলে অন্য ভাষার ছবি মুক্তির জন্য দর্শকের সমর্থন পাওয়া বাংলা ছবিকে কেন প্রেক্ষাগৃহ ছাড়তে হবে? এ প্রশ্নেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে টলিউড।
এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক, পরিবেশক, হল-মাল্টিপ্লেক্সের মালিক এবং চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ভার্চুয়ালি যোগ দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীও। বৈঠক শেষে অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, বাংলা ছবির জন্য প্রাইম টাইমে অন্তত একটি শো রাখার বিষয়ে মুখ্যমন্ত্রী অনড়। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে ধরে সেই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রুদ্রনীল জানান, শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, বাংলা ছবির প্রদর্শন নিয়ে দীর্ঘদিনের সমস্যাই আলোচনায় উঠে এসেছে। বহু বছর ধরে এ পরিস্থিতি চলছে। তবে বর্তমান সরকার বিষয়টি নিয়ে নির্দিষ্ট পদক্ষেপ করতে চাইছে। হল মালিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলা ছবির জন্য নির্ধারিত শো বন্ধ করা চলবে না। নিয়ম না মানলে প্রথমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হবে। তার পরেও নির্দেশ অমান্য করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে বলে জানিয়েছেন রুদ্রনীল। তবে বৈঠকে হল মালিকদের সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। কোনো ছবি দর্শক টানতে না পারলে প্রেক্ষাগৃহের আসন ফাঁকা থাকে। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রদর্শকদের। সে পরিস্থিতিতে ব্যবসায়িক বাধ্যবাধকতা থেকে কখনো ছবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয় বলে তাঁদের তরফে যুক্তি দেওয়া হয়েছে।
রুদ্রনীলও জানিয়েছেন, সিনেমা প্রত্যাশিত সাফল্য না পেলে হল মালিকদের বাস্তব সমস্যার কথা অস্বীকার করা যায় না। কিন্তু সে যুক্তিতে বাংলা ছবির প্রদর্শনের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না। প্রযোজক, পরিবেশক আর হল মালিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা ছবি তৈরি করছেন, তাঁদের সঙ্গে প্রদর্শকদের সরাসরি আলোচনা করে শোয়ের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের সামগ্রিক সমস্যা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও এসেছে বৈঠকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিটি তৈরির পরিকল্পনা রয়েছে। ছবি নির্মাণ থেকে শুরু করে পরিবেশনা, বিপণন, প্রচার এবং প্রেক্ষাগৃহে প্রদর্শন — প্রতিটি স্তরের সমস্যা খতিয়ে দেখবে তারা। সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিদের মতামত নিয়ে লিখিত সুপারিশ তৈরির কথাও ভাবা হচ্ছে। রুদ্রনীল জানান, অভিজ্ঞ ব্যক্তিদের মতামত চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সে মতামত যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সীমাবদ্ধ না থাকে, বরং বাংলা চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নতির কথা মাথায় রেখেই দেওয়া হয়।
শুধু নির্দেশিকা জারি করে বাংলা ছবির প্রদর্শনের সমস্যা মেটানো সম্ভব নয়, তা মেনে নিয়েই পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও করেছে রাজ্য। প্রায় ৫১টি নতুন সিনেমা হল সরকারি উদ্যোগে তৈরি করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৭০ থেকে ৭১টি সরকারি অডিটোরিয়ামকে সিনেমা প্রদর্শনের উপযোগী করে তোলার প্রস্তাব রয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে ওই অডিটোরিয়ামগুলিতে নিয়মিত ছবি দেখানোর ব্যবস্থা করা যেতে পারে কি না, তা দেখা হচ্ছে। প্রজেকশন ব্যবস্থা, পর্দা, শব্দপ্রযুক্তি এবং দর্শকদের বসার উপযুক্ত পরিকাঠামো তৈরির বিষয়গুলিও বিবেচনায় রয়েছে। এ কাজের জন্য পূর্ত দফতরকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ‘ডিপিআর’ তৈরির নির্দেশ দেওয়ার কথা জানা গিয়েছে। কোন অডিটোরিয়ামে কী ধরনের সংস্কার প্রয়োজন, কোথায় নতুন করে প্রদর্শনের পরিকাঠামো তৈরি করতে হবে, তার জন্য কত অর্থের প্রয়োজন, সবই রিপোর্টে উল্লেখ থাকবে। সেসব রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তৈরি হবে। পাশাপাশি আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা প্রেক্ষাগৃহগুলিকে বাঁচিয়ে রাখতে সরকারি সাহায্য দেওয়া যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।
কলকাতার বাইরের বহু এলাকায় একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় বাংলা ছবির প্রদর্শনের সুযোগও সংকুচিত হয়েছে। কোথাও পুরনো প্রেক্ষাগৃহ ভেঙে তৈরি হয়েছে বহুতল, কোথাও আবার দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সিনেমা হল। ফলে নতুন ছবি তৈরি হলেও জেলার দর্শকের কাছে তা পৌঁছে দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ চলচ্চিত্র মহলের। সরকারি অডিটোরিয়ামগুলিকে প্রদর্শনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে সে ঘাটতি কিছুটা মিটতে পারে। বেসরকারি হলের উপর নির্ভরতা কমিয়ে বাংলা ছবির জন্য বিকল্প প্রদর্শন পরিকাঠামো তৈরি করাও সরকারের এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। বৈঠকে আগামী ২৪ ডিসেম্বর বড়োদিনের মুক্তি নিয়েও আলোচনা হয়েছে। ওই সময় শাহরুখ খানের বিশাল বাজেটের ছবি ‘কিং’ মুক্তি পাওয়ার কথা। একই সময়ে মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি বাংলা ছবিও। ফলে ফের শো বণ্টন নিয়ে সমস্যা তৈরি হতে পারে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে প্রযোজক ও পরিবেশকদের মধ্যে। হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবির প্রদর্শন যাতে কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই সব ছবির জন্য শোয়ের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।
প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শনের নিয়ম অবশ্য আগেও চালু হয়েছিল। ২০২৫ সালের আগস্টে তৎকালীন রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানায়, রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবি প্রাইম টাইমে দেখাতে হবে। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চলচ্চিত্র মহলের অভিযোগ, নির্দেশিকা থাকলেও বাস্তবে বহু প্রেক্ষাগৃহে তা কার্যকর হয়নি। বড়ো বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই বাংলা ছবির শো কমিয়ে দেওয়া কিংবা প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে বারবার। এবার সেই পুরনো নিয়ম কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনিক কড়াকড়ির বার্তা দিল নবান্ন। ফলে, মঙ্গলবারের বৈঠকের পর ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ না করার নির্দেশে আপাতত জট কাটল বলেই মনে করছে চলচ্চিত্র মহলের একাংশ।
❤ Support Us






