Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

নিয়োগপত্র দেওয়ার পরেও বাতিল প্যানেল ! বর্ধমান মেডিক্যাল কলেজের সিদ্ধান্তে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা, রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়োগপত্র দেওয়ার পরেও বাতিল প্যানেল ! বর্ধমান মেডিক্যাল কলেজের সিদ্ধান্তে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা, রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতের

নিয়োগপত্র হাতে পেয়েও শেষ পর্যন্ত কাজে যোগ দিতে পারলেন না চাকরিপ্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্যানেল প্রকাশ এবং প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার পরেও আচমকাই সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কর্তৃপক্ষের এমন পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা। তাঁদের দায়ের করা মামলাতেই এবার রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল হাই কোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া এবং প্যানেল বাতিলের কারণ জানিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের জমা দেওয়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে মামলাকারীরা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে নিজেদের আপত্তি ও বক্তব্য জানাতে পারবেন। এরপর আগামী ২৪ ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের এজলাসে এই মামলার শুনানি চলছে।

জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের আইসিএমআর (ICMR), ডিএইচআর (DHR) এবং ভিআরডিএল (VRDL) প্রকল্পে মোট ছ’টি শূন্যপদে নিয়োগের জন্য গত ২ নভেম্বর প্যানেল প্রকাশ করা হয়েছিল। সেই প্যানেলে যাঁদের নাম ছিল, তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন নির্বাচিত প্রার্থীরা। কিন্তু অভিযোগ, কাজে যোগ দেওয়ার আগেই আচমকা গোটা প্যানেল বাতিল করে দেয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়। ফলে নিয়োগপত্র হাতে পেয়েও অনিশ্চয়তার মুখে পড়েন ছ’জন চাকরিপ্রার্থী।

এই ঘটনার পর নিজেদের সমস্যার সমাধান চেয়ে প্রথমে জেলাশাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত আবেদন জানান চাকরিপ্রার্থীরা। কিন্তু তাতেও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সুরজ মণ্ডল-সহ একাধিক চাকরিপ্রার্থী আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন।

শুক্রবার মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করেন আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রণয় বসাক। অন্যদিকে, রাজ্যের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী পীযূষ চতুর্বেদী। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বেআইনি কাজ এবং অনিয়মের বিষয় নজরে আসার কারণেই প্যানেলটি বাতিল করা হয়েছিল।

তবে রাজ্যের তরফে অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে, তার সমর্থনে আদালতে কোনও নথিপ্রমাণ পেশ করা হয়নি বলে পর্যবেক্ষণ করেছে হাই কোর্ট। সেই কারণেই গোটা নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছিল এবং ঠিক কী কারণে প্রকাশিত প্যানেল বাতিল করা হয়েছিল, তা বিস্তারিতভাবে জানাতে রাজ্যকে হলফনামা-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, হাই কোর্টে মামলা দায়ের হওয়ার পর আপাতত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আপাতত পুরনো কর্মীদের দিয়েই সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব মিলিয়ে নিয়োগপত্র দেওয়ার পরেও প্যানেল বাতিলের ঘটনায় তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। নিয়োগ প্রক্রিয়ায় সত্যিই কোনও অনিয়ম হয়েছিল কি না, আর হয়ে থাকলে তার ভিত্তি কী, তা রাজ্যের রিপোর্টেই স্পষ্ট হওয়ার কথা। এখন আগামী ১৫ ডিসেম্বর রাজ্য কী রিপোর্ট জমা দেয় এবং ২৪ ডিসেম্বরের শুনানিতে হাই কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!