- দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’! নাম বদলের প্রস্তাবে সায় মন্ত্রিসভার, ৯ ডিসেম্বর বিধানসভায় বিল পেশ
রাজ্যের নাম বদলের পুরনো বিতর্কে নতুন অধ্যায়। ইংরেজিতেও ‘West Bengal’ নয়, এ বার থেকে রাজ্যের নাম হবে ‘Paschim Banga’। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার। সেখানে প্রস্তাব পাশ হলে তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। শেষ পর্যন্ত সংসদের অনুমোদন পেলেই কার্যকর হবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত।
সোমবার কলকাতার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, শুধু বাংলায় নয়, ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। অর্থাৎ, এত দিন সরকারি নথিপত্রে ইংরেজিতে যে ‘West Bengal’ লেখা হতো, তার পরিবর্তে লিখতে হবে ‘Paschim Banga’। মুখ্যমন্ত্রীর জানান, ‘আজ মন্ত্রিসভা এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাবটি পাশ করানো হবে। তার পর কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘Paschim Banga’। ‘West Bengal’-এর পরিবর্তে ‘Paschim Banga’ লিখতে হবে। নামটি ঠিক এই ভাবেই লিখতে হবে।’
নাম পরিবর্তনের পিছনে ৪৭-এর দেশভাগের ইতিহাসকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার বিভাজনের প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের জন্ম। সেই ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাঁর মতে, ‘এটি ইতিহাসের বিষয়। ৪৭ সালে পশ্চিমবঙ্গের যে গঠন হয়েছিল, তার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। পরিবর্তন হওয়া উচিত।’ তবে বিধানসভায় প্রস্তাব পাশ হলেই রাতারাতি বদলে যাবে না রাজ্যের নাম। এ ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া। ভারতীয় সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা রয়েছে সংসদের হাতে। সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার মতামত নেওয়ার পর রাষ্ট্রপতির সুপারিশক্রমে সংসদে বিল পেশ করতে হয়। লোকসভা ও রাজ্যসভা — দুই কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হলে রাষ্ট্রপতির সম্মতির পর কার্যকর হবে নতুন নাম। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। ফলে ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কেন্দ্রীয় সরকার ও সংসদের উপরেই।
রাজ্যের নাম পরিবর্তনের দাবি অবশ্য নতুন নয়। প্রায় তিন দশক ধরে এই নিয়ে একাধিক বার উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার। ১৯৯৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে প্রথম রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। সে সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ সরকার। তখন সে প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এর পরে ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ওই বছরের সেপ্টেম্বরে তৎকালীন সরকার রাজ্যের ইংরেজি নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রের অনুমোদন মেলেনি। ২০১৬ সালে ফের নাম পরিবর্তনের উদ্যোগ নেয় মমতা ব্যানার্জির সরকার। সে বার বিধানসভায় প্রস্তাব পাশ করে জানানো হয়েছিল, বাংলায় রাজ্যের নাম হবে ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সে প্রস্তাবে আপত্তি জানায়। তাদের যুক্তি ছিল, একটি রাজ্যের একাধিক নাম রাখা যায় না। সেই আপত্তি মেটাতে ২০১৮ সালের জুলাই মাসে বিধানসভায় সর্বসম্মতিক্রমে নতুন প্রস্তাব পাশ করায় তৎকালীন সরকার। সেখানে তিনটি ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ রাখার কথা বলা হয়।
কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ২০১৯ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি। কেন্দ্রের যুক্তি ছিল, ‘বাংলা’ নামের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নামের ধ্বনিগত সাদৃশ্য রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে দুইয়ের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে তৃণমূল সরকারের আমলে একাধিক বার উদ্যোগ নেওয়া হলেও রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব আলোর মুখ দেখেনি। এ বার বিজেপি সরকারের প্রস্তাবে ‘বাংলা’ নয়, ‘পশ্চিমবঙ্গ’ নামটিকেই বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এর মধ্যে রয়েছে স্পষ্ট রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য। ‘বাংলা’ নামের সঙ্গে বাংলাদেশের ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের ঘনিষ্ঠতা থাকলেও ‘পশ্চিমবঙ্গ’ নামটি সরাসরি দেশভাগের স্মৃতিকে সামনে আনে। ‘পশ্চিম’ শব্দটি বজায় রেখে দেশভাগের পর ভারতের ভূখণ্ডে গঠিত পশ্চিমবঙ্গের পৃথক রাজনৈতিক ও ঐতিহাসিক পরিচয়কে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি।
এ প্রেক্ষাপটে ২০ জুনের তাৎপর্যও গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের জুন মাসে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল। ৪৭ সালের ওই দিন অবিভক্ত বাংলার আইনসভার সদস্যদের ভোটাভুটিতে বাংলা ভাগের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরেই দেশভাগের সূত্রে ভারতের অংশে গঠিত হয় পশ্চিমবঙ্গ। বিজেপি এই দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠার ঐতিহাসিক ভিত্তি হিসেবে তুলে ধরেছে। নতুন নামের প্রস্তাবেও সেই ইতিহাসের প্রতিফলন রয়েছে বলে মনে করা হচ্ছে। নাম পরিবর্তনের পিছনে প্রশাসনিক যুক্তিও সামনে আনা হচ্ছে। বর্তমানে ইংরেজি বর্ণমালার ‘W’ দিয়ে রাজ্যের নাম শুরু হওয়ায় দেশের রাজ্যগুলির বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থান একেবারে শেষে, ২৮ নম্বরে। ‘Paschim Banga’ হলে ইংরেজি নামের আদ্যক্ষর বদলে হবে ‘P’। সে ক্ষেত্রে বর্ণানুক্রমিক তালিকায় আট ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে আসবে রাজ্যটি। রাজস্থানের পরেই থাকবে পশ্চিমবঙ্গ। সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের আগে স্থান পাবে রাজ্য। জাতীয় স্তরের বিভিন্ন বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগও তুলনামূলক ভাবে আগে আসতে পারে। যদিও নাম পরিবর্তনের ক্ষেত্রে এই প্রশাসনিক সুবিধা কতটা বাস্তব গুরুত্ব পাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মোট ১১ দিনের এই অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব ছাড়াও আরও আটটি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। ৯ ডিসেম্বরের প্রস্তাব ঘিরে বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের অবস্থান কী হয়, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
❤ Support Us





