- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৭, ২০২৬
পাকিস্তানের ‘কলকাতা হামলা’ হুমকি ঘিরে চরমে রাজনৈতিক তরজা। বাংলায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে জবাব রাজনাথের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের ‘কলকাতায় হামলা’র হুমকি ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে এখনও সরাসরি মুখ না খুললেও, বাংলার মাটিতে ভোটপ্রচারে এসে অবশেষে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, ‘পাকিস্তানের ৫৫ বছর আগের ইতিহাস মনে রাখা উচিত। কীভাবে দেশটা দু’টুকরো হয়েছিল, সেটা ভুলে গেলে চলবে না। আবার যদি কোনোরকম দুঃসাহস দেখায়, তাহলে তার পরিণতিও ওদেরই ভোগ করতে হবে।’ উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় পাকিস্তানের বিভাজনের প্রসঙ্গই তুলে ধরেছেন তিনি। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি, এখন অবশ্য ইন্দিরার দল কংগ্রেসের সবচেয়ে বড় সমালোচক বিজেপি। তবে রাজনাথের এই বক্তব্য পরোক্ষে কংগ্রেসের সাফল্যের জয়গাঁথা।
ঘটনাচক্রে, খোয়াজা আসিফের ‘কলকাতা হামলা’ সংক্রান্ত মন্তব্যটি রাজনাথ সিংয়ের আগের একটি বক্তব্যেরই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ইস্যুতে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার নাকাশিপাড়ায় এক জনসভা থেকে মমতা প্রশ্ন তোলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কলকাতাকে হুমকি দিল, অথচ প্রধানমন্ত্রী কেন চুপ? কেন তিনি বলেননি যে এর উপযুক্ত জবাব দেওয়া হবে?” পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে তিনি প্রশ্ন করেন, “কে ওঁকে দিয়ে এই কথা বলিয়েছে?’
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও আক্রমণাত্মক সুরে বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন কলকাতাকে উড়িয়ে দেবেন, আর দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছেন! এখানে এসে শুধু তৃণমূলকে সরানোর কথা বলছেন!” তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের সরকার হবে, সেদিন খোয়াজা আসিফকে ‘ঘরে ঢুকে’ জবাব দেওয়া হবে।’ প্রবল বাকযুদ্ধের মধ্যেই মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভোটপ্রচারে এসেছেন রাজনাথ সিংহ। তাঁর ভাষণের বেশিরভাগ অংশেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন এবং পাকিস্তান প্রসঙ্গ এড়িয়ে যান। তবে পরে এক বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অবশেষে পাকিস্তানের হুমকি নিয়ে তাঁর প্রতিক্রিয়া সামনে আসে।
❤ Support Us






