Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৬

‘বার্নল, বোরোলিন মজুত রাখুন’, নির্বাচন কমিশনের ইঙ্গিতপূর্ণ পোস্টে রাজনৈতিক মহলে চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বার্নল, বোরোলিন মজুত রাখুন’, নির্বাচন কমিশনের ইঙ্গিতপূর্ণ পোস্টে রাজনৈতিক মহলে চাঞ্চল্য

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। আগামী সপ্তাহেই বাংলায় প্রথম দফার ভোট। নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছে শাসক ও বিরোধী সব পক্ষ। একে অপরকে লক্ষ্য করে চলছে তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণ।

এরই মাঝে নির্বাচন কমিশন ও তৃণমূলের সংঘাতও বারবার প্রকাশ্যে এসেছে। ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল, এসআইআর তালিকা নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ—এসব ইস্যুতে কমিশনকে বারবার কাঠগড়ায় তুলেছে শাসকদল। চিঠি হোক বা জনসভা—মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন করে বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার ডিইও-র একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। পোস্টটিতে মাধুরী দীক্ষিত ও আমির খান অভিনীত একটি জনপ্রিয় হিন্দি গানের লিঙ্ক শেয়ার করা হয়েছে—‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…’। শুধু গানই নয়, তার সঙ্গে দেওয়া হয়েছে এক ব্যতিক্রমী ক্যাপশন। সেখানে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে লেখা হয়েছে— ‘সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা ও অপরাধীরা সাবধান, নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।’

এখানেই শেষ নয়, আরও কড়া বার্তায় কমিশন জানিয়েছে, যদি কেউ ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেখানে ‘বার্নল’ বা ‘বোরোলিন’ও কোনো কাজে আসবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পোস্টে নাম না করেই শাসকদলের কটাক্ষের পালটা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, ভোটের ময়দানে ইতিমধ্যেই প্রার্থীদের বিচিত্র প্রচার—রুটি বেলা, মাছ ধরা, চুল-দাঁড়ি কাটা, সব মিলিয়ে রঙ্গ-রসের অভাব নেই। সেই ধারাতেই কমিশনের এই অভিনব পোস্ট আরও রঙ চড়িয়েছে ভোটের আবহে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!