Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২২, ২০২৬

মোদিকে নিয়ে ভুয়ো তথ্য, মধু কিশওয়ারের বিরুদ্ধে এফআইআর

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদিকে নিয়ে ভুয়ো তথ্য, মধু কিশওয়ারের বিরুদ্ধে এফআইআর

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও জাল কনটেন্ট ছড়ানোর অভিযোগে লেখিকা মধু কিশওয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হরিয়ানার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৩৬(১), ৩৫৬ ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি বিদ্বেষ ছড়ানো, ধর্ম, জাতপাত ও ভাষার ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা, জালিয়াতি এবং ফৌজদারি মানহানির মতো একাধিক অপরাধে যুক্ত। চণ্ডীগড় পুলিশ একটি সরকারি বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী অশালীন ভাষা, বিভ্রান্তিকর কনটেন্ট এবং ভিডিও ক্লিপ পোস্ট করেছেন, যেখানে এক ব্যক্তির পরিচয় ভুলভাবে তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তি একজন সাংবিধানিক পদাধিকারী, এবং তাঁর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য-সহ ভিডিও প্রচার করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধু মধু কিশওয়ারই নন, আরও একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

এদিকে মধু কিশওয়ার জানিয়েছেন, চণ্ডীগড় পুলিশের একটি দল সোমবার রাতে তাঁর বাড়িতে গিয়ে এফআইআর সংক্রান্ত নোটিস দিতে চেয়েছিল। তবে আইন অনুযায়ী সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে কোনও মহিলাকে নোটিস দেওয়া বা গ্রেফতার করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় তিনি সরাসরি নোটিস গ্রহণ করেননি এবং ফোনে পুলিশের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।

মধু কিশওয়ারের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভুয়ো ও মানহানিকর তথ্য প্রচার করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী কিছু সাংসদকে ঘনিষ্ঠতার ভিত্তিতে মন্ত্রী করেছেন এবং কিছু নেতার সম্পর্কে ‘বিশেষ পরিষেবা’ দেওয়ার অভিযোগও তোলেন। তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!