Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২২, ২০২৬

নির্বাচনের ৭২ ঘন্টা আগেই দলবদল মুর্শিদাবাদে

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনের ৭২ ঘন্টা আগেই দলবদল মুর্শিদাবাদে

মোহভঙ্গ মুর্শিদাবাদের ৬৬ নং খড়গ্রাম বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দাসের। ভোটের ৭২ ঘন্টা আগে যোগ দিলেন তৃণমূলে। কাটোয়ার তৃণমূল কার্যালয়ে কেতুগ্রামের গঙ্গাটিকুরির বাসিন্দা যাদব দাসের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন পূর্ববর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। রবীন্দ্রনাথবাবু জানান, ‘যাদব বুঝতে পেরেছে আমজনতা উন্নয়ন পার্টি আসলে বিজেপির হয়ে ভোট কাটতে নেমেছে।

আমজনতার উন্নয়ন করতে পারেন একমাত্র মমতা ব্যানার্জিই। তাই তৃণমূলে ফেরত এসেছে। যাদব এখন তৃণমূলের পক্ষে প্রচার করবে।’ জানা গেল, যাদব বর্তমানে কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য। তৃণমূল ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার টিকিট পান। কিন্তু কাজ করতে নেমে দলের ‘বিজেপি প্রীতি দেখে মোহভঙ্গ’ হয়। তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবুর সঙ্গে যোগাযোগ করেন।

পুরনো দলে ফিরেই যাদব প্রথম যে কাজটা করবেন বলে ঠিক করেছেন, তা হল, ‘হ্যান্ডবিল ছাপিয়ে খড়গ্রামের তৃণমূল প্রার্থী আশিস মার্জিতকে ভোট দেওয়ার আবেদন জানাব।’সেইসঙ্গে কাটোয়া ও কেতুগ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে ‘জোরদার প্রচারে নামা’র কথাও ঘোষণা করেন যাদব। স্বীকার করলেন, ‘যে আদর্শ নিয়ে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছিলাম, বাস্তবে তার ছিটেফোঁটাও নেই।’ ‘রাজ্যজুড়ে দলের কার্যকলাপের উপর চেয়ারম্যান হুমায়ুন কবীরের নিয়ন্ত্রণ নেই’ বলেও উল্লেখ করেন যাদব। তৃণমূলে ফেরার পর যাদবের এখন একটাই শপথ, ‘তৃণমূলকে জেতাতে দিনরাত এক করে ঝাঁপিয়ে পড়া।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!