- দে । শ
- এপ্রিল ২৩, ২০২৬
কালনায় ভোট প্রচারে এসে বেনজির হুমকি অসমের মুখ্যমন্ত্রীর, নিশানা হুমায়ুনকেও
আমি সিধে দুই গুলি মারার লোক। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বললেন, ‘আমাকে একটা গুলি মারলে দুটো গুলি মারার লোক আমি।’ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ১০টা কেস করারও হুঁশিয়ারি দিলেন। জানান, ‘আমার বিরুদ্ধে একটা কেস দিয়েছে দিদির পুলিশ। আমিও ওনার বিরুদ্ধে ১০টা কেস দেব।’ তাঁর মুখে শোনা গেল আইন হাতে তুলে নেওয়ার হুমকিও। বললেন, ‘যেসব গুণ্ডার নাম পুলিশের খাতায় রয়েছে, সারেন্ডার কর। না হলে ৭ মে-র পর গঙ্গায় ডুবিয়ে মারব।’
কালনার বৈদ্যপুর রথতলায় বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের সমর্থনে সভা করতে এসে প্রকাশ্যে এই ধরনের কথার সমালোচনায় মুখর তৃণমূল। অশালীন আক্রমণ করলেন কালনার তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক দেবপ্রসাদ বাগকেও। বললেন, ‘সরকারে এসে কালনার সঙ্গে শান্তিপুরের সেতু বিজেপি সরকার করবে। সেতুর জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, তা পল্টুবাবুর (দেবপ্রসাদবাবুর ডাক নাম) পেটে ঢুকেছে। সেই টাকা বের করব। প্রথমে চেষ্টা করব ট্যাবলেট খাইয়ে বমি করিয়ে বের করার। তাতে কাজ না হলে সার্জারি করে পেট কেটে বের করব।’ এই বক্তব্যের তীব্র নিন্দা করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বললেন, ‘বিজেপি তার নিম্নরুচির ধারা বজায় রেখেছে। কালনায় ব্রিজ মমতা ব্যানার্জিই তৈরি করবেন। কারণ মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখেন। বিজেপির মত মিথ্যাচার করেন না।’ তবে সভায় আশানুরূপ লোকজন না হওয়ায় হতাশ এলাকার গেরুয়া শিবিরের লোকজন।
‘মমতা ব্যানার্জির পুলিশের সঙ্গে অনুপ্রবেশকারীদের আই লাভ ইউ সম্পর্কে’রও অভিযোগ তোলেন অসমের মুখ্যমন্ত্রী। ‘বাংলাজুড়ে জয় শ্রীরাম ধ্বনি তোলার’ও ডাক দেন। বেনজির আক্রমণ শানান হুমায়ুন কবিরের বিরুদ্ধে। বলেন, ‘উনি নাকি মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন বলেছেন। ওটা কি ওর বাপের জায়গা? অসমে এ কথা বললে ২ ঘন্টায় উচিত শিক্ষা দিয়ে দিতাম।’ রাজ্য সরকারের বিরুদ্ধে দেশের সীমান্তে কাঁটাতার দিতে না দেওয়া, গুণ্ডাদের মদত দেওয়া-সহ গুচ্ছ অভিযোগ তোলেন হিমন্ত। ভোটের ফল কী হবে জানিয়ে যান তিনি। বলেন, ‘অসমে বিজেপির সেঞ্চুরি (১০০ সিট) হবে, বাংলায় ডবল সেঞ্চুরি (২০০ সিট)।’ ফলাফল বেরনোর পর কালনার বাসিন্দাদের ‘মাছের ঝোল আর মাংসের তরকারি’ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে যান হিমন্ত। এ ব্যাপারে এলাকার ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, ‘এটা বাংলা। এখানে মমতা ব্যানার্জির সরকার আছে, থাকবে। বাংলা আগের ভোটে বিজেপিকে বর্জন করেছে, এবার বিসর্জন দেবে।’
❤ Support Us





