Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৬

বঙ্গে ২০২১-এর তুলনায় ভোটার কমলেও প্রথম দফায় ভোট পড়ল ১৮ লক্ষ বেশি, কার দিকে যাচ্ছে জনসমর্থন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গে ২০২১-এর তুলনায় ভোটার কমলেও প্রথম দফায় ভোট পড়ল ১৮ লক্ষ বেশি, কার দিকে যাচ্ছে জনসমর্থন ?

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে তৈরি হয়েছে একাধিক নজির। শুধু শতাংশের নিরিখেই নয়, মোট ভোটদানের সংখ্যাতেও দেখা গেছে বড়সড় উল্লম্ফন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই দফার ভোটে কার্যত উৎসবের আবহে ভোটাররা অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর এ রাজ্যে সর্বোচ্চ ভোটদানের হার ৯২.৩৫% । এমনকি ১০ বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৯৬ শতাংশ বা তারও বেশি ছুঁয়েছে, যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

এই বিপুল ভোটদানের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফলাফলের প্রেক্ষিতে দাবি করেছেন, বিজেপির জয় হবে “বিশাল ও নির্ণায়ক”, যা বাংলায় উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, বিজেপি প্রার্থীদের দিয়ে ঘর পরিষ্কার করানোর মতো পরিস্থিতি তৈরি হবে।

তবে শুধুমাত্র ভোটের হার নয়, মোট ভোটারের সংখ্যাতেও দেখা গেছে চমকপ্রদ তথ্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছিল, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯২ শতাংশে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল —২০২৬ সালের ভোটের আগে এসআইআর হওয়ার ফলে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

পরিসংখ্যান অনুযায়ী, যে ১৬ জেলায় প্রথম দফার ভোট হয়েছে ২৩ এপ্রিল, সেখানে ২০২১ সালে মোট ভোটার ছিলেন প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ। এর মধ্যে ভোট দিয়েছিলেন প্রায় ৩ কোটি ১৫ লক্ষ মানুষ। কিন্তু এসআইআর-এর ফলে এবার সেই জেলাগুলিতে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ লক্ষ কম হয়ে গেছে। তবে ভোটার কমলেও, এবার ২০২১ সালের তুলনায় প্রায় ১৮ লক্ষ বেশি মানুষ ভোট দিয়েছেন—যা সত্যিই বিস্ময়কর।

এই দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল ৯২টিতে, বিজেপি ৫৯টিতে এবং একটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল বিশ্লেষণ করলে দেখা যায়— এই ১৫২ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ছিল ৭৭ তে, বিজেপি ৬৩টিতে, কংগ্রেস ১১ এবং সিপিএম ১টিতে লিড পেয়েছিল।

এখন বড়ো প্রশ্ন— এই রেকর্ড ভোটদানের ফল কার পক্ষে যাবে ? উচ্চ ভোটদানের এই প্রবণতা কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি বর্তমান শাসকের প্রতি বাড়তি সমর্থনের বহিঃপ্রকাশ? তার উত্তর মিলবে ৪ মে, সোমবার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!