- দে । শ
- এপ্রিল ২৭, ২০২৬
পূর্ব বর্ধমানে নির্বাচনের প্রচার সাংসদ সায়নী ঘোষের
মমতা ব্যানার্জিই ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আগামী লোকসভা ভোটের পর ভারতের প্রধানমন্ত্রী হবেন। কেতুগ্রামের তৃণমূল প্রার্থী শেখ শাহনেওয়াজের সমর্থনে উদ্ধারণপুরের নির্বাচনী সভা থেকে ঘোষণা করলেন সাংসদ সায়নী ঘোষ। তাঁর কথায়, ‘লাভ ছাড়া ক্ষতি নেই / দিদি ছাড়া গতি নেই।’ গানে ছড়ায় কথায় ভিড়ে ঠাসা সভা মাত করে দেন সায়নী। ভূরিভূরি সেলফির আবদার মেটান।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের গুচ্ছ জনমুখী প্রকল্পের সুবিধার পরিসংখ্যান পেশ করেন সায়নী। বলেন, ‘বিজেপি এখন মাসে ৩ হাজার টাকার টোপ দিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করাতে আসছে। এলে বলবেন, আগে ১৫০০ টাকা অ্যাডভান্স দাও। আর জানতে চাইবেন তোমাদের ডবল ইঞ্জিন সরকারের কটা রাজ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছ?’ যোগ করেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার আমাদের হকের পাওনা ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। ওরা আবার অন্নপূর্ণা যোজনা দেবে ?’
বিজেপিকে নিশানা করে সায়নী বলেন, ‘একজন মহিলাকে হারাতে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, মিলিটারি কী না লাগাচ্ছ? যেন যুদ্ধ বেধেছে। তোমরা পারবে না। কারণ মমতা বাংলার হৃদয়ে।’ সায়নীর কথায়, ‘যতই লাগাও ইডি সিবিআই টাকার ক্ষমতা / হাওয়াই চটি শাদা শাড়ি একটাই মমতা।’ টিএমসির (তৃণমূল কংগ্রেস) ব্যাখ্যাও দেন সায়নী। বলেন, ‘টি হল টেম্পল, এম মস্ক আর সি হল চার্চ। মন্দির মসজিদ গির্জাকে এক সূত্রে গেঁথে বাংলাকে বিশ্ববাংলায় পরিণত করেছেন মমতা।’ বললেন, ‘মমতা হচ্ছে আমাদের আবেগ। দিদি বাঁচলে বাংলা বাঁচবে। গণতন্ত্র রক্ষা পাবে।’ মঞ্চ ছাড়ার আগে সায়নী ঘাসফুল প্রার্থী শেখ শাহনেওয়াজকে বলে যান, ‘আপনি ফের জিতবেন।’
❤ Support Us






