- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৮, ২০২৬
ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তি, ‘দ্বিতীয় দফা ভোটের আগে ভোটার তালিকায় জুড়ল ১৪৬৮ নাম
দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তির ভিত্তিতে নতুন করে ১৪৬৮ জনের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে। ফলে এই নব-সংযোজিত ভোটাররাও বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যেসব আবেদন নিষ্পত্তি করবে এবং যাঁদের বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেবে, তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। সেই নির্দেশ মেনেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।
জানা গেছে, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতেই এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জনের নাম যুক্ত হয় এবং ৮ জনের নাম বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই তালিকার যাচাই-বাছাই করেন। সেই প্রক্রিয়ায় বহু আবেদনকারী ‘অযোগ্য’ বলে বিবেচিত হন। পরে আদালত জানায়, সংশ্লিষ্টরা চাইলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।
গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ তালিকাটি ট্রাইবুনালে সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে প্রস্তুত।
বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান—এই সাত জেলায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
❤ Support Us







