Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৬

তৃণমূলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাঁচ মুখপাত্রকে শো কজ নোটিস

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাঁচ মুখপাত্রকে শো কজ নোটিস

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর দলের ভিতরে প্রকাশ্যে অসন্তোষের সুর শোনা যেতেই পাঁচ মুখপাত্রকে শো কজ নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী মন্তব্য এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিজেপি এককভাবে ২০৭টি আসন দখল করে বিপুল ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই ফল প্রকাশের পর থেকেই দলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং কয়েক জন মুখপাত্র প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। অভিযোগ, তাঁদের মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।

এর পরেই কড়া পদক্ষেপের পথে হাঁটে তৃণমূল নেতৃত্ব। দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন ওই পাঁচ মুখপাত্রকে শো কজ় নোটিস পাঠান। নোটিসে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মভঙ্গের অভিযোগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নোটিস পাওয়া মুখপাত্রদের মধ্যে অন্তত দু’জন ইতিমধ্যেই তাঁদের জবাবি চিঠি প্রস্তুত করে ফেলেছেন। কেউ দু’পাতার, আবার কেউ সাড়ে চার পাতার বিশদ উত্তর দলকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

নোটিস পাওয়া এক মুখপাত্র দাবি করেছেন, তিনি দলের কর্মী-সমর্থকদের মনের কথাই প্রকাশ করেছেন। তাঁর কথায়, “যা জবাব দেওয়ার, তা দেব। তবে এটুকু বলতে পারি, দলের অনেকেই ফোন করে আমাকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে বিদায়ী মন্ত্রিসভার তিন জন সদস্যও রয়েছেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!