Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১১, ২০২৬

মোথাবাড়ি নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের, বেঁধে দিল চার্জশিট পেশের সময়সীমা

আরম্ভ ওয়েব ডেস্ক
মোথাবাড়ি নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের, বেঁধে দিল চার্জশিট পেশের সময়সীমা

মালদহের মোথাবাড়ি তথা কালিয়াচক কাণ্ডে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট । সোমবার মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী দু’মাসের মধ্যেই সম্পূর্ণ তদন্ত শেষ করতে হবে । তদন্ত শেষ হওয়ার পর দ্রুত আদালতে চার্জশিটও পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল । অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে । সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে । জনরোষের মুখে পড়েন এসআইআর (SIR) সংক্রান্ত কাজে এলাকায় যাওয়া বিচারকরা ।

অভিযোগ অনুযায়ী, বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক-২ বিডিও অফিসে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখেন । তাঁদের মধ্যে তিনজন বিচারক ছিলেন, যার মধ্যে একজন মহিলা বিচারকও ছিলেন । পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভীর রাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া বিচারকদের উদ্ধার করে ।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পরে বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। আদালত ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দেয় ।

এছাড়াও, এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, মালদহের জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট । আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের দায়ের করা মোট ১২টি এফআইআরের তদন্ত বর্তমানে করছে এনআইএ । ইতিমধ্যেই তদন্ত সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে আর কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত শেষ করে আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট ও চার্জশিট জমা দিতে হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!