- দে । শ
- মে ১২, ২০২৬
পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু
পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের সদ্যপ্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে জেরা চলার পর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁর গ্রেফতারের খবর জানানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্তেই তাঁকে তলব করা হয়েছিল। বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য-পরাজিত বিধায়ক সুজিত বসুকে ওই মামলাতেই গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১ মে-ও ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ৪ মে ভোটের ফলপ্রকাশের পর এই প্রথম আবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত। এদিন তাঁর সঙ্গে আইনজীবীও উপস্থিত ছিলেন।
রাতে ইডি দফতরের বাইরে বেরিয়ে সুজিতের আইনজীবী জানান, তৃণমূল নেতার পুত্র সমুদ্র বসু তখনও ইডির দফতরের ভিতরে ছিলেন। বিধানসভা ভোটের আগে একাধিকবার ইডি তলব করলেও নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলে আদালতে জানিয়েছিলেন সুজিত। পরে হাই কোর্টের নির্দেশ মেনে ইডির দফতরে গিয়ে হাজিরা দেন তিনি।
উল্লেখ্য, এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের মালিকানাধীন ধাবায় তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু তাই নয়, তাঁর পুত্র সমুদ্র বসু এবং পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের বয়ানও সংগ্রহ করে তদন্তকারী সংস্থা।
বারবার তলবের মুখে সুজিত বসু দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে ডাকা হচ্ছে, সেই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। তবুও শেষ পর্যন্ত ইডির তদন্তের জাল এড়াতে পারলেন না তিনি।
❤ Support Us






