Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১২, ২০২৬

চন্দ্রনাথ রথ হত্যা তদন্তে এবার সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
চন্দ্রনাথ রথ হত্যা তদন্তে এবার সিবিআই

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার হাতে নিল সিবিআই। রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক ভাবে তদন্তের দায়িত্ব গ্রহণ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ইতিমধ্যেই জানিয়েছে, এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে। কলকাতা জ়োনের যুগ্ম নির্দেশকের তত্ত্বাবধানে কাজ করবে সেই দল।

সিবিআই সূত্রে খবর, তদন্তের প্রয়োজন অনুযায়ী কলকাতা জ়োন থেকেই বিভিন্ন আধিকারিককে সিটে নিয়োগ করা হবে। খুনের তদন্তে আধুনিক প্রযুক্তি, ডিজিট্যাল ট্র্যাকিং এবং আন্তঃরাজ্য সমন্বয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গঠিত সিট। ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। তদন্তকারীদের দাবি, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে পেশাদার ‘শুটার’-ও রয়েছে। ময়ঙ্ক ও ভিকিকে বিহারের বক্সার জেলা থেকে এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতদের ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে আগে যে সিট গঠন করা হয়েছিল, তাতে এসটিএফ এবং সিআইডি-র আধিকারিকরাও যুক্ত ছিলেন। সেই দলই অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। তদন্তে উঠে এসেছে, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজ়ায় ওই গাড়ি থেকে অনলাইনে টাকা পাঠানোর সূত্র ধরেই তদন্তকারীরা অভিযুক্তদের খোঁজ শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং ডিজিট্যাল নজরদারির মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশে অভিযান চালানো হয়। এবার সেই তদন্ত আরও বিস্তৃত ভাবে এগিয়ে নিয়ে যাবে সিবিআই।

উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর গাড়ির সামনে আচমকা একটি চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। ফলে চন্দ্রনাথের গাড়ি থামতে বাধ্য হয়। সেই সময় দু’দিক থেকে দু’টি মোটরবাইকে চেপে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথ এবং তাঁর গাড়িচালককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম অবস্থায় তাঁর চালককে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি এখনও চিকিৎসাধীন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!