- দে । শ
- মে ১৩, ২০২৬
২ নাবালককে বেধড়ক পিটুনি, ধৃত প্রধানশিক্ষক
জানলার কাচ ভাঙার সন্দেহে ২ নাবালককে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে। পূর্বস্থলীর বৈদিক পাড়ার ঘটনায় নিগৃহীত ইরফান শেখের মা নার্গিস বিবির অভিযোগের ভিত্তিতে উখুরা নরেন্দ্রনাথ হাইস্কুলের প্রধানশিক্ষক সন্দীপ ভট্টাচার্য ওরফে বাপীকে গ্রেফতার করল পুলিশ। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নিগৃহীত দশমের পড়ুয়া ইরফান শেখ ও আকাশ জেলেকে চিকিৎসার জন্য পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাদের সিটি স্ক্যানের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জন্য ‘অনুতপ্ত’ সন্দীপবাবু জানান, ‘ওরা সিমেন্টের টুকরো ছুড়ে জানলার কাচ ভেঙেছে। প্রায়ই এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমার মেয়ে পড়ে। পড়ার বিঘ্ন হয়।’
পূর্বস্থলীর পলাশপুলির বধূ নার্গিস বিবি ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেল, সন্দীপবাবুর জানলার কাচ কেউ ভাঙার পর ইরফান, আকাশ-সহ ৪ বন্ধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় ইরফান ও আকাশকে পাকড়াও করে বাড়ির ভিতরে নিয়ে যান সন্দীপ ও তার স্ত্রী রানু ভট্টাচার্য। নার্গিসের কথায়, ‘কাচ ভেঙেছে বলে দুজনকে আটকে রাখার খবর পেয়ে আমরা ছুটে যাই। ওনাদের হাতে-পায়ে ধরে ছেড়ে দিতে বলি। এমনকী ক্ষতিপূরণ দিতেও রাজি হই। সেসব কথা কানে না তুলে ছেলে দুটোকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গিয়ে ওনারা বুকে পেটে নির্বিচারে লাথি মারতে থাকেন। দেওয়ালে মাথা ঠুকে দেন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন। ইরফান জ্ঞান হারায়।’ এরপরই নিগ্রহকারীদের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদন করেন নার্গিস। পূর্বস্থলীর আইসি সুপ্রিয়রঞ্জন মাঝি জানান, ‘অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ সন্দীপ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে।’
❤ Support Us





