- এই মুহূর্তে দে । শ
- মে ১৪, ২০২৬
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হার ৯১.২৩ শতাংশ
প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। নয়া সিস্টেমে চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতি— এই তিনটি ক্ষেত্রের ফলই প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এ বারের উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। অর্থাৎ পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.১৯%)। তার পরে রয়েছে হাওড়া (৯৩.৮৪%) এবং দক্ষিণ ২৪ পরগনা (৯৩.৭১%)।
এ বছরের মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৪ জন। এদের মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী রয়েছেন। এর মধ্যে প্রথম স্থানে রয়েছেন একজন। দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন। তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন। চতুর্থ স্থানে রয়েছেন ৩ জন। পঞ্চম স্থানে রয়েছেন ৭ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন ১০ জন। সপ্তম স্থানে রয়েছেন একজন। অষ্টম স্থানে রয়েছেন ১১ জন। নবম স্থানে রয়েছেন ৯ জন। দশম স্থানে রয়েছে ১৩ জন। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অর্থাৎ ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।
এ বারের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিন জন পরীক্ষার্থী। তাঁরা তিনজনেই ৪৯৫ করে নম্বর পেয়েছেন। তাঁদের নাম—
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র জিষ্ণু কুণ্ডু।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ঋতব্রত নাথ।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র ঐতিহ্য পাঁচাল।
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারক্ষেত্রে যদি কোনও পরীক্ষার্থী যদি নিজের ফলে সন্তুষ্ট না হন, তাহলে তিনি ফের পরীক্ষায় বসে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করতে পারবেন। এ জন্য তাঁকে চলতি বছরের রেজ়াল্ট জমা দিয়ে পরের বছরের জন্য পরীক্ষায় বসতে হবে।
যে সব ওয়েবসাইটে ফলাফল জানা যাবে, তার মধ্যে রয়েছে–
https://result.wb.gov.in
http://www.indiaresults.com,
https://www.results.shiksha
https://results.marksbee.com
পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফল দেখতে পাবে। স্কুল থেকে পাওয়া যাবে মার্কশিট ও শংসাপত্র।
এ বার একসঙ্গে তিন ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। নয়া সিস্টেমে চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরোনো বার্ষিক পদ্ধতিতে। এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। তার মধ্যে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরোনো নিয়মে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন।
❤ Support Us





