- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৬
শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ, যান নিয়ন্ত্রণ দুই দফায়
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার, ১৫ মে থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটায় মেট্রোর কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ছাড়পত্রও মিলেছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটা মোড় এলাকায় কাজ শুরু হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের পুজো কিংবা বড়দিনের আগেই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ বহুদিন ধরেই আটকে ছিল। মূল জট তৈরি হয়েছিল ই এম বাইপাসের চিংড়িঘাটা মোড় সংলগ্ন ৩১৬ বর্গমিটার অংশকে ঘিরে। ওই এলাকায় সম্প্রসারণের কাজের জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল বলে দাবি করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। অভিযোগ, পূর্বতন রাজ্য সরকার সেই অনুমতি না দেওয়ায় কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল।
অবশেষে রাজ্য সরকারের অনুমোদন মেলায় শুরু হচ্ছে নির্মাণকাজ। মেট্রো সূত্রে খবর, কাজ হবে দুই দফায়। প্রথম দফার কাজ চলবে ১৫ মে শুক্রবার থেকে ১৮ মে সোমবার পর্যন্ত। দ্বিতীয় দফার কাজ শুরু হবে ২২ মে শুক্রবার এবং চলবে ২৫ মে সোমবার পর্যন্ত।
এই কাজের জন্য দুই দফাতেই শুক্রবার, শনিবার ও রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ই এম বাইপাসের উত্তর ও দক্ষিণমুখী পথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে চিংড়িঘাটা ফ্লাইওভার খোলা রাখা হবে। ফলে সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউটাউনের দিকে যাতায়াতে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
প্রকল্পটি সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে চিংড়িঘাটা হয়ে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি চিংড়িঘাটা, সল্টলেক ও নিউটাউন হয়ে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হবে। বর্তমানে এই রুটে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।
মেট্রো চালু হলে চিংড়িঘাটা মোড়ের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার মানুষের যাতায়াতও আরও দ্রুত ও সহজ হবে।
❤ Support Us








