- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৫, ২০২৬
কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড। আর জি কর-কাণ্ডে পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে রাজ্য
বিধানসভা ভোটের আগে নারী নিরাপত্তা ইস্যুতে বারবার উঠে আসছে আর জি কর-কাণ্ড এবং সন্দেশখালির ঘটনা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে এসে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই আবহেই নবান্ন থেকে আর জি কর-কাণ্ড নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আর জি কর ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সরকার আলাদা করে পর্যালোচনা শুরু করেছে। ইতিমধ্যেই তিনজন আইপিএস অফিসার—বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এই রাজ্য নয়, গোটা বিশ্ব কেঁপে গিয়েছিল। ঘটনায় দুই পুলিশ অফিসার মৃতার পরিবারের কাছে টাকা দিতে গিয়েছিলেন। তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল, রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট—সব কিছুই পরীক্ষা করা হবে।”
তিনি আরও জানান, রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব গত কয়েকদিন ধরে ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের কাজ করেছেন। পুলিশের কোথায় কী ধরনের ত্রুটি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সিবিআইয়ের তদন্ত আদালতের অধীনে থাকায় সেই বিষয়ে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “আর জি কর নিয়ে ক্যাবিনেটে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের যে কাজ করা উচিত ছিল, তা সঠিকভাবে হয়েছে কি না, সেটাই এখন দেখা হচ্ছে।”
❤ Support Us





