Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৮, ২০২৬

অন্নপূর্ণা যোজনা, সপ্তম পে কমিশন গঠন, মহিলাদের ফ্রি বাসযাত্রায় মন্ত্রিসভার সিলমোহর। বন্ধ ধর্মভিত্তিক ভাতা, ডিএ ঘিরে নীরবতা

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্নপূর্ণা যোজনা, সপ্তম পে কমিশন গঠন, মহিলাদের ফ্রি বাসযাত্রায় মন্ত্রিসভার সিলমোহর। বন্ধ ধর্মভিত্তিক ভাতা,  ডিএ ঘিরে নীরবতা

রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও প্রশাসনিক সিদ্ধান্তে সোমবার অনুমোদন দিল মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে বড়ো পদক্ষেপ করলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মোট পাঁচটি বিষয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল, রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (সেভেন্থ পে কমিশন) গঠনের সিদ্ধান্ত। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণের আশা দেখছেন সরকারি কর্মীরা। যদিও বৈঠকের পর মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। ফলে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা এখনো বজায় রয়েছে। নোটিফিকেশন দিয়ে সপ্তম বেতন কমিশন -এর দিনক্ষণ জানান হবে। ডিএ -র বিষয়টি এদিনের মন্ত্রিসভার আলোচ্যসূচির তালিকায় ছিল না।

এদিন মন্ত্রিসভা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পেও নীতিগত অনুমোদন দেয়। অগ্নিমিত্রা জানান, এতদিন যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের নাম স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পে স্থানান্তর করা হবে। সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ১ জুন থেকে। পাশাপাশি, যাঁরা এখনও এই সুবিধা পাননি, তাঁরাও নতুন করে আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই এ জন্য আলাদা পোর্টাল চালু করা হবে বলেও জানান তিনি। এ ছাড়াও ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সব ভাতা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হলো। ফলে ইমাম, মোয়াজ্জেমদের ভাতা বন্ধ হয়ে গেল।

এছাড়া, ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে এই প্রকল্প কার্যকর করা হবে। মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের হার পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে রাজ্যের ওবিসি তালিকা পুনর্গঠন এবং উপশ্রেণিবিভাগ বাতিলের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। অগ্নিমিত্রা পল জানান, হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে সমীক্ষা করা হবে এবং কোন কোন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

অন্যদিকে, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া বিভিন্ন সহায়তামূলক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তও নিয়েছে সরকার। চলতি মাস পর্যন্ত এই সুবিধা চালু থাকলেও আগামী মাস থেকে তা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!