Advertisement
  • দে । শ
  • মে ১৮, ২০২৬

তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসি নেতা গ্রেফতার, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’-এর দাবি তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসি নেতা গ্রেফতার, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’-এর দাবি তৃণমূলের

তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়াকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার তাঁকে আসানসোল আদালতে তোলা হলে আদালতে প্রবেশের সময় তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজু অহলুয়ালিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে আসানসোলের মহিশীলা কলোনি এলাকা থেকে তোলাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, তারা রাজু অহলুয়ালিয়ার হয়ে তোলাবাজি চালাত। অভিযোগ, আদায় করা টাকাও রাজুর হাতেই তুলে দেওয়া হত। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ রাজুকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, রাজুকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে আরও কারা জড়িত রয়েছে, তোলাবাজির টাকা অন্য কারও কাছে পৌঁছত কি না, তা খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজু অহলুয়ালিয়া। আদালতে যাওয়ার পথে তিনি বলেন, “আমি সব সময় তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই গ্রেফতার করা হল। এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র।”

নেপথ্যে কারা রয়েছে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আসানসোলে কী পরিস্থিতি চলছে, সবাই জানেন। আমাকে যাতে প্রতিবাদ করতে না দেওয়া হয়, সেই কারণেই এই চক্রান্ত করা হয়েছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!