Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৮, ২০২৬

পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে ইডির তলব

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে ইডির তলব

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড়। এ বার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি।

ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে পাচুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, পুরনিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। বর্তমানে সুজিত ইডির হেফাজতেই রয়েছেন।

দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগের তদন্তে উঠে আসে সুজিত বসুর নাম। সেই সূত্র ধরেই গত সপ্তাহে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি। সকাল থেকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, দক্ষিণ দমদম পুরসভায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল বেআইনি ভাবে। অভিযোগ, সেই সুপারিশের বিনিময়ে সুজিত বসু অন্যায্য সুবিধা নিয়েছিলেন। যদিও এই অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।

এদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও রয়েছে পাচু রায়ের নাম। এর আগেও তদন্তের স্বার্থে তাঁকে একাধিক বার সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি এবং তিনি হাজিরাও দিয়েছিলেন। তবে অতীতে পাচু দাবি করেছিলেন, তিনি কোনও অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘হ্যারাস’ করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!