Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৯, ২০২৬

সন্দেশখালিতে কড়া পুলিশি অভিযান, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে কড়া পুলিশি অভিযান, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে প্রথমবার আলোচনার কেন্দ্রে আসে শেখ শাহজাহানের নাম। তদন্তে সামনে আসে একাধিক গুরুতর অভিযোগ—রেশন দুর্নীতি, বেআইনিভাবে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন-সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন তিনি।

এবার পুলিশের জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্দেশখালি ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলি। সন্দেশখালি থানার পুলিশ সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ২০১৫ সালে বেআইনিভাবে জমি দখল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর নামে আইনি মামলাও দায়ের হয়েছিল।

অভিযোগ উঠেছে, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই আইনের নাগালের বাইরে ছিলেন শ্রীদাম হাওলি। স্থানীয় সূত্রের দাবি, সন্দেশখালিতে শেখ শাহজাহানের দাপটের কারণেই এতদিন পুলিশ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারেনি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নারায়ণ কর স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বলে জানা গিয়েছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও তাঁকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ছিল।

রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর প্রশাসনকে ‘ফ্রি-হ্যান্ড’ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেই আবহেই জেলায় জেলায় পুলিশি অভিযানে একের পর এক প্রভাবশালী নেতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!