- দে । শ
- মে ১৯, ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে পুর নোটিস
অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের বাড়ি ঘিরে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, কলকাতা পুরসভার ৪০১ ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে সংশ্লিষ্ট বাড়িগুলির বিল্ডিং প্ল্যান, অনুমোদনের নথি এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। পাশাপাশি কালীঘাট রোডে থাকা আরেকটি সম্পত্তি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে বলে জানা গিয়েছে। এই দুই সম্পত্তিকেই ঘিরে খতিয়ে দেখা হচ্ছে নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য।
নোটিসে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, বাড়িগুলি নির্মাণের ক্ষেত্রে সমস্ত বিধি মেনে প্ল্যান স্যাংশন করানো হয়েছিল কি না। যদি অতিরিক্ত কোনও নির্মাণ হয়ে থাকে, তাহলে তার জন্য আলাদা অনুমোদন বা প্ল্যান স্যাংশন নেওয়া হয়েছিল কি না, সেই তথ্যও জমা দিতে বলা হয়েছে। পুরসভার তরফে সমস্ত প্রয়োজনীয় নথি দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রের দাবি, তিন দিন ধরে চলা অ্যাসেসমেন্টের পর আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তিগুলি সংক্রান্ত বিস্তারিত নথি তলব করা প্রয়োজন। সেই অনুযায়ী ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে।
শুধু এই দুই ঠিকানাই নয়, মোট ১৭টি ঠিকানাকে পুরসভার স্ক্যানারের আওতায় আনা হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবার ঠিকানা এবং ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর একাধিক সম্পত্তিও। মূলত হরিশ মুখার্জি রোডে একটি এবং কালীঘাট রোডে দুটি ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে। এছাড়া প্রেমেন্দ্র মিত্র সরণির তিনটি ঠিকানা, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির দুটি ঠিকানাতেও নোটিস পাঠানো হয়েছে বলে পুরসভা সূত্রে দাবি।
প্রতিটি ক্ষেত্রেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তলব করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নির্মাণ হয়ে থাকলে তার জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তাও জানতে চাওয়া হয়েছে নোটিসে।
❤ Support Us





