Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২১, ২০২৬

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতারের আশঙ্কা, হাইকোর্টে আগাম জামিন চাইলেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী

আরম্ভ ওয়েব ডেস্ক
আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতারের আশঙ্কা, হাইকোর্টে আগাম জামিন চাইলেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেফতার করা হতে পারে — এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী । নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সঠিক আয়ের তথ্য উল্লেখ করা হয়নি বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সেই অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ এবং সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কাতেই বৃহস্পতিবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন স্বামী-স্ত্রী দু’জনেই ।

তাঁদের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে আগাম জামিনের আবেদন জানান । বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন । শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের ঘটনা সামনে এসেছে । এই পরিস্থিতিতেই নিজেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ এনে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ণেন্দু বসুর পরিবর্তে রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল অদিতি মুন্সিকে । তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । সেই নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন অদিতি । যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, তাঁর জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন স্বামী দেবরাজ চক্রবর্তী ।

এ বছরের বিধানসভা নির্বাচনেও একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল অদিতিকে । নির্বাচনী প্রচারে তাঁর ছায়াসঙ্গীর মতো সর্বত্র দেখা গিয়েছিল দেবরাজকে । তবে শেষ পর্যন্ত দলের আস্থা ধরে রাখতে পারেননি অদিতি। বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে পরাজিত হন তিনি ।

এদিকে, মঙ্গলবার অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তদন্তকারীদের দাবি, তিনি বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী বা ‘ডান হাত’ হিসেবে পরিচিত । পুলিশ সূত্রে খবর, গত ৪ মে বিধানসভা ভোটের গণনার দিন বিজেপির বিজয় মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে । সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে অমিতকে । এর আগে একই ঘটনায় বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরীকেও গ্রেফতার করেছিল পুলিশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!