- এই মুহূর্তে দে । শ
- মে ২১, ২০২৬
৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ, অভিষেকের বিরুদ্ধে কোন মামলায় নির্দেশ হাইকোর্টের ?
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর ঘিরে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর এফআইআর খারিজের আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট , তবু আদালত জানিয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানিতে অভিষেকের মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” বলে উল্লেখ করা হয়। বিচারপতি প্রশ্ন তোলেন, একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকা একজন নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য কীভাবে প্রত্যাশিত হতে পারে, বিশেষ করে এমন এক রাজ্যে যেখানে ভোট-পরবর্তী হিংসার অতীত রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন, তবে পুলিশ আদালতের দ্বারস্থ হতে পারবে। একই সঙ্গে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে হলে পুলিশকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তবে আপাতত দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এফআইআর খারিজের আবেদন খারিজ করে আদালত স্পষ্ট জানিয়েছে, মামলার তদন্ত চলবে। আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
এদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে দাবি করেন, রাজনৈতিক সভা-সমাবেশে বিভিন্ন দলের নেতারাই অনেক সময় উস্কানিমূলক মন্তব্য করে থাকেন। উদাহরণ হিসেবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথাও উল্লেখ করেন।
তবে সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি বলেন, “অন্য কারও বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না। আপনি আদালতে এসেছেন, তাই আপনাকেই প্রশ্ন করা হচ্ছে। একটি সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক কেন এমন উস্কানিমূলক মন্তব্য করবেন? তাঁর কাছ থেকে কি এ ধরনের মন্তব্য আশা করা যায়?”
❤ Support Us





