- এই মুহূর্তে দে । শ
- মে ২১, ২০২৬
নির্বাচন মিটলেও, ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
লোকসভা ভোট মিটেছে, নতুন সরকারও কাজ শুরু করে দিয়েছে। তবুও পশ্চিমবঙ্গে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও দেখা যাচ্ছে জলপাই পোশাক ও ভারী বুট পরা জওয়ানদের টহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
গত কয়েক বছরে বাংলায় ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগ সামনে এসেছে। এবারের নির্বাচনেও সেই আশঙ্কা থেকেই ভোট শেষ হওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানিয়েছিল বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সেই আবেদন মঞ্জুর করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে মোট ৫০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছে—
- ২০০ কোম্পানি সিআরপিএফ
- ১৫০ কোম্পানি বিএসএফ
- ৫০ কোম্পানি সিআইএসএফ
- ৫০ কোম্পানি আইটিবিপি
- ৫০ কোম্পানি এসএসবি
তবে বাহিনী মোতায়েনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে একাধিক নির্দেশও দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, বাহিনীর যাতায়াত, থাকার ব্যবস্থা, রসদ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। দ্রুত সেই সমস্ত ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভোটের আগে বিজেপি দাবি করেছিল, ভোট-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে অন্তত ছয় মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখা হোক। যদিও আপাতত সেই দাবিতে সাড়া দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে ২০ জুন পর্যন্ত বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর বাহিনীর মেয়াদ আরও বাড়ানো হবে কি না, নাকি পুরোপুরি তুলে নেওয়া হবে— সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
❤ Support Us





