Advertisement
  • এই মুহূর্তে
  • মে ২২, ২০২৬

হালিশহরের পর ভাটপাড়াতেও পুরবোর্ডে ভাঙন, একযোগে ইস্তফা ৩০ কাউন্সিলরের! পদ ছাড়লেন চেয়ারম্যানও

হালিশহরের পর ভাটপাড়াতেও পুরবোর্ডে ভাঙন, একযোগে ইস্তফা ৩০ কাউন্সিলরের! পদ ছাড়লেন চেয়ারম্যানও

হালিশহর পুরসভার পর এবার, রাজনৈতিক সঙ্কট দেখা দিল ভাটপাড়া পুরসভায়। সূত্রের খবর, একযোগে ভাটপাড়া পুরসভার ৩০ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলররা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। পুরসভার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে বোর্ড ভেঙে প্রশাসক বসানো হবে, নাকি নতুন করে নির্বাচন হবে, তা নিয়েই চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক অর্জুন সিং সাংবাদিক বৈঠকে জানান, নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, বিধায়ক পবন সিং এবং রাজেশ কুমার এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার দায়িত্ব দেখবেন।

পদত্যাগ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা বলেন, ‘আমাদের কাছে আর কোনও উপায় ছিল না। আগের দিনই শুনছিলাম ১৯ জন কাউন্সিলার পদত্যাগ করতে চলেছেন। তখনই আমিও পদত্যাগের সিদ্ধান্ত নিই।’ অন্যদিকে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, ‘মোট ৩৫ জন কাউন্সিলারের মধ্যে দু-জন মারা গিয়েছেন। ইতিমধ্যেই ৩০ জন কাউন্সিলার পদত্যাগ করেছেন। তবে সরকারি আধিকারিকরা পরিষেবায় কোনও খামতি হতে দেবেন না।’

উল্লেখযোগ্যভাবে, মাত্র দু’দিন আগেই হালিশহর পুরসভায় ১৬ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছিলেন। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস পদত্যাগী কাউন্সিলরদের নাম প্রকাশ করেন। সেখানেও বোর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও নাগরিক পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!