- এই মুহূর্তে দে । শ
- মে ২৩, ২০২৬
আবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, সর্বাধিক কলকাতায়, উদ্বেগে সাধারণ মানুষ
দেশজুড়ে আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শনিবার থেকে কার্যকর হয়েছে নতুন মূল্যবৃদ্ধি। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার দাম বাড়ানো হল জ্বালানির। নতুন করে পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক আগে দাবি করেছিল যে দেশে পেট্রল ও ডিজেলের কোনও ঘাটতি নেই। তবে একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম আরও বাড়তে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে প্রভাব পড়েছে বলেই জানানো হয়েছে।
চলতি মাসে ইতিমধ্যেই তিন দফায় বেড়েছে জ্বালানির দাম। প্রথমে ১৬ তারিখে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হয়। এরপর ১৯ তারিখে দুই জ্বালানির দামই আরও ৯০ পয়সা বৃদ্ধি করা হয়। আর শনিবার নতুন করে দাম বৃদ্ধির ফলে গত ১০ দিনে বিভিন্ন শহরে পেট্রল-ডিজেলের দাম মোটামুটি ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে।
বিভিন্ন শহরে নতুন দাম:
নয়াদিল্লি: পেট্রলের দাম ৯৮.৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯.৫১ টাকা।
ডিজেলের দাম ৯১.৫৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৯ টাকা।
চেন্নাই: পেট্রলের দাম লিটার প্রতি ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৩১ টাকা।
ডিজেলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৮ টাকা।
মুম্বই: পেট্রলের দাম ৯০ পয়সা বেড়ে হয়েছে ১০৮.৪৯ টাকা।
ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫.০২ টাকা।
কলকাতা: সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। পেট্রলের দাম ১০৯.৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০.৬৪ টাকা।
ডিজেলের দাম ৯৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০২ টাকা।
পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, দেশের মোট পেট্রল ও ডিজেলের চাহিদার প্রায় ৮৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি কমেছে। পাশাপাশি ডলারের তুলনায় টাকার মূল্যও কমে গেছে। বর্তমানে ১ মার্কিন ডলারের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫.৬ টাকা। এই দুই কারণেই জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে তেল সংস্থাগুলি। এদিকে, ভবিষ্যতে পেট্রল ও ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
❤ Support Us






