- এই মুহূর্তে দে । শ
- মে ২৩, ২০২৬
বি সি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ, বিরোধীদের সঙ্গে সমন্বয়ের বার্তা রাজ্য সরকারের
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রেখে প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ভাবনারই প্রতিফলন দেখা গেল বেলেঘাটার ঐতিহ্যবাহী বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে আমন্ত্রণ জানানোর ঘটনায়।
সূত্রের খবর, বিসি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য কুণাল ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। সেই প্রস্তাব গ্রহণ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। তিনি জানিয়েছেন, এলাকার জনপ্রতিনিধি হিসেবে হাসপাতালের পরিষেবা, উন্নয়ন এবং রোগীদের স্বার্থরক্ষা তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে। কুণাল ঘোষ বলেছেন, ‘বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল বেলেঘাটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যশালী চিকিৎসাকেন্দ্র। এলাকার বিধায়ক হিসেবে হাসপাতালের ভালো-মন্দের খোঁজ রাখা এবং সাধারণ মানুষের উন্নত পরিষেবা নিশ্চিত করার দায়িত্ব আমারও রয়েছে। তাই রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করছি।’
উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য ও শিক্ষা-সহ একাধিক ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও সাধারণত শাসকদলের ঘনিষ্ঠদেরই জায়গা দেওয়া হতো বলে বিরোধীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বর্তমান বিজেপি সরকার বিরোধী দলের প্রতিনিধিদেরও প্রশাসনিক কাজে যুক্ত করতে আগ্রহী বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার এই উদ্যোগ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। অনেকেরই মত, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যদি সব দলের প্রতিনিধিরা মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করেন, তাহলে প্রশাসনিক পরিবেশ আরও ইতিবাচক হবে।
❤ Support Us








