Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৬

রাজ্যে শুরু হচ্ছে জনগণনা ২০২৭, নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী। থাকছে স্ব-গণনার সুবিধা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে শুরু হচ্ছে জনগণনা ২০২৭, নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী। থাকছে স্ব-গণনার সুবিধা

রাজ্যে শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনা ২০২৭-এর প্রস্তুতি । এই উপলক্ষে শুক্রবার নবান্ন সভাঘরে প্রিন্সিপ্যাল সেন্সাস অফিসারদের এক বিশেষ সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক সূত্রে খবর, এদিন থেকেই রাজ্যে জনগণনার প্রস্তুতি ও প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ।

গত ১১ মে জনগণনার কাজ শুরুর জন্য সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । শুক্রবারের এই বৈঠকে আদমশুমারি কার্যক্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ‘সেন্সাস ২০২৭’-এর বিশেষ ম্যাসকট ।

এবারের জনগণনায় প্রথমবার চালু হচ্ছে ‘সেলফ এনিউমারেশন’ বা স্ব-গণনার সুবিধা । সরকারি পোর্টাল

[www.se.census.gov.in-এর](http://www.se.census.gov.in-এর) মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই পরিবারের তথ্য ও প্রয়োজনীয় উত্তর অনলাইনে জমা দিতে পারবেন। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর তৈরি হবে একটি ‘সেলফ এনিউমারেশন আইডি’। পরে বাড়িতে যাওয়া গণনাকারীরা সেই আইডি সংগ্রহ করে কেন্দ্রীয় ডেটাবেসে তথ্য আপলোড করবেন।

চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্ব-গণনার এই সুবিধা চালু থাকবে। তবে যে পরিবারগুলি অনলাইনে স্ব-গণনার বিকল্প বেছে নেবে না, তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা।

এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত হবে ‘এইচএলও ফেজ-১’। এই পর্যায়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ৩৩টি প্রশ্ন সম্বলিত নির্দিষ্ট প্রশ্নপত্রের মাধ্যমে আবাসন, পারিবারিক সুযোগ-সুবিধা, সম্পদ, পরিবারের সদস্যদের বিবরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।

বৃহস্পতিবার রাজ্যের ডাইরেক্টোরেট অফ সেন্সাস অপারেশনস এক বিবৃতিতে জানিয়েছে, এবারের জনগণনায় তথ্যের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে সুরক্ষিত ‘এইচএলও’ মোবাইল অ্যাপ্লিকেশন । পাশাপাশি রিয়েল-টাইম নজরদারির জন্য থাকবে ওয়েব-ভিত্তিক ‘সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম’ পোর্টাল ।
এছাড়াও উপগ্রহ-সহায়ক ম্যাপিং ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে ‘হাউস লিস্টিং ব্লক ক্রিয়েটর’ ওয়েব পোর্টাল । জনগণনা সফল করতে রাজ্যের মানুষের কাছে জনগণনা আধিকারিকদের সহযোগিতা করার এবং সঠিক ও সম্পূর্ণ তথ্য দেওয়ার আবেদন জানানো হয়েছে ।

এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সাধারণ মানুষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫-এ যোগাযোগ করতে পারবেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!