Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৬

ইডির গ্রেফতারি মামলায় এখনই রেহাই নয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর, নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির গ্রেফতারি মামলায় এখনই রেহাই নয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর, নির্দেশ হাইকোর্টের

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোসকে এখনই কোনও স্বস্তি দিল না কলকাতা হাই কোর্ট । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পাল জানিয়ে দেন, বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানি হবে । একই সঙ্গে আদালতের নির্দেশ, গ্রেফতারি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে ইডিকে এবং সুজিত বসুকেও হলফনামা দাখিল করতে হবে ।

শুনানিতে সুজিতের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে দাবি করেন, “আমার মক্কেল শুধুমাত্র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছেন। তিনি এই মামলায় অভিযুক্ত নন।” তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত ১১ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সুজিত বসুকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। সেখান থেকেই তিনি কলকাতা হাই কোর্টে গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। অভিযোগ, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই কারণেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতারির আগে একাধিকবার সুজিত বসুকে তলব করেছিল ইডি। লোকসভা ভোটের প্রচারের ব্যস্ততার কারণ দেখিয়ে প্রথম দিকে হাজিরা এড়িয়েছিলেন তিনি। পরে প্রচারপর্ব শেষ হওয়ার পর গত ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন। সেদিন কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

এরপর ফের ১১ মে ইডি দফতরে যান সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এবং পুত্র সমুদ্র বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!