Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩০, ২০২৬

তৃণমূলের দুই কাউন্সিলর গ্রেফতার । সোনারপুরে মাছ চুরির অভিযোগ, বসিরহাটে আবাস দুর্নীতির অভিযোগে পুলিশের জালে জনপ্রতিনিধি

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের দুই কাউন্সিলর গ্রেফতার । সোনারপুরে মাছ চুরির অভিযোগ, বসিরহাটে আবাস দুর্নীতির অভিযোগে পুলিশের জালে জনপ্রতিনিধি

রাজ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরকে ঘিরে অভিযোগ ও গ্রেফতারির ঘটনা অব্যাহত। শুক্রবার রাত ও শনিবার ভোরে আরও দুই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ উঠেছে, অন্যজনের বিরুদ্ধে রয়েছে আবাস যোজনা সংক্রান্ত দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ।

বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিলেন। অভিযোগ অনুযায়ী, যাঁদের প্রকৃতপক্ষে ঘরের প্রয়োজন ছিল, তাঁরা টাকা দিতে না পারায় সুবিধা পাননি। আবার অনেকেই টাকা দিয়েও ঘর পাননি বলে দাবি করেছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, আবাস যোজনার পাশাপাশি এলাকার একাধিক দুর্নীতির সঙ্গেও গোপাল দাসের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমে ছিল এলাকায়। কিছুদিন আগে তাঁর বাড়ির সামনে বিক্ষোভও দেখান বাসিন্দারা। তখন থেকেই তাঁর গ্রেফতারির দাবি জোরদার হয়। অবশেষে শুক্রবার রাতে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে।

অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে মাছ চুরি করছিলেন। স্থানীয়দের দাবি, কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি ভেড়ি থেকে মাছ তুলে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এবং আটকে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে বরুণ সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মাছ চুরির অভিযোগে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর বিভিন্ন পুরসভায় অস্থিরতা দেখা দিয়েছে। হুগলির চন্দননগরে একসঙ্গে ৩০ জন কাউন্সিলর পদত্যাগ করায় পুরবোর্ড ভেঙে যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে পুলিশি পদক্ষেপের ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি দমদমে এক কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সেটি আত্মহত্যার ঘটনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!