Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৬, ২০২৬

লালু প্রসাদ ও রাবড়ী দেবীর জেড–প্লাস নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্র দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
লালু প্রসাদ ও রাবড়ী দেবীর জেড–প্লাস নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্র দফতরের

কিছুদিন আগেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে তাঁর বাসভবন খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। সেই বিষয়টি মিটে যাওয়ার আগেই আবার নতুন জন্ম দিয়েছে। এবার নিরাপত্তা কমিয়ে দেওয়া হল বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর। বিহারের এনডিএ জোট সরকার রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদ যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে দেওয়া জেড–প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তাঁরা এখন শুধু বিহার পুলিশের বিশেষ সুরক্ষা পাবেন।

সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাবড়ি দেবী ও লালুপ্রসাদ যাদব তাঁদের পাটনার বাসভবনের বাইরে মোতায়েন থাকা সমস্ত নিরাপত্তাকর্মীকে সরিয়ে দিয়েছেন। বাসভবনের প্রধান ফটকে একজনও নিরাপত্তাকর্মী মোতায়েন নেই। বাসভবনের বাইরের একটা ভিডিও সামনে এসেছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্রধান ফটকে কোনও নিরাপত্তাকর্মী নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর তাঁদের জেড–প্লাস নিরাপত্তা প্রত্যাহার করার পরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবী তাঁদের বাসভবনে মোতায়েন করা সমস্ত নিরাপত্তাকর্মীকে ফিরিয়ে দিয়েছেন। তাঁরা সমস্ত কর্মীদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপরই সমস্ত নিরাপত্তাকর্মীরা তাঁদের সরকারি বাসভবন ত্যাগ করেন। জানা গেছে যে, নিরাপত্তাকর্মীরা এখন লালুপ্রসাদের সরকারি বাসভবন থেকে কিছুটা দূরে একটা স্থানে চলে গেছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করে সরকার তাঁদের নিরাপত্তা কমিয়ে দিয়েছে। পূর্বে উভয় নেতাই জেড–প্লাস নিরাপত্তা পেতেন, যার মধ্যে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী, গৃহরক্ষী এবং এসকর্ট গাড়ি অন্তর্ভুক্ত ছিল। স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা একটা চিঠি অনুসারে, লালুপ্রসাদ এবং রাবড়ি দেবীকে দেওয়া জেড–প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তবে, দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ায় বিহার সরকারের আলাদা আইন অনুসারে  তাঁদের নিরাপত্তা অব্যাহত থাকবে।

বিহার সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০১০-এর অধীনে রাবড়ি দেবীকে বিহার স্পেশাল আর্মড পুলিশ (বিএসএপি)–এর দুই থেকে আটটি হাউসগার্ড দল, তিনজন মহিলা ও তিনজন পুরুষ দেহরক্ষী, একটা বুলেটপ্রুফ গাড়ি এবং একটা এসকর্ট গাড়ি প্রদান করা হবে। একই আইনের অধীনে লালু প্রসাদ যাদবকেও দুই থেকে আটটি হাউসগার্ড দল প্রদান করা হবে। তাঁর নিরাপত্তার জন্য দুজন দেহরক্ষী মোতায়েন করা হবে। তিনি একজন এসকর্ট, একজন পাইলট এবং একটা বুলেটপ্রুফ গাড়িও পাবেন।

তবে, বিহার বিধানসভার বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব আগের মতোই ওয়াই–প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। তেজস্বীর নিরাপত্তায় কোনও পরিবর্তন করা হয়নি। তাঁর জন্য চারজন গৃহরক্ষী, ছয়জন দেহরক্ষী এবং পাঁচজন পুলিশসহ একটা এসকর্ট গাড়ি থাকবে। তবে, প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক তেজ প্রতাপ যাদবের নিরাপত্তা হ্রাস করা হয়েছে। আগে তিনি ‘‌ওয়াই’‌ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু এখন তাঁকে কেবল একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) দেওয়া হবে। মন্ত্রীর পদত্যাগের পর প্রযোজ্য নিয়ম অনুযায়ী নিরাপত্তায় এই পরিবর্তন আনা হয়েছে।

লালুর জ্যেষ্ঠ কন্যা ও সাংসদ মিসা ভারতী এখন থেকে তিনজন নিরাপত্তা কর্মী পাবেন। সাংসদদের জন্য নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসারেই এই ব্যবস্থা করা হয়েছে। তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী যাদবকে একজন নিরাপত্তা কর্মী দেওয়া হবে। যদিও রাজশ্রীর কোনও রাজনৈতিক বা সাংবিধানিক পদ নেই, তবুও পরিবারের জনসম্পৃক্ত কার্যকলাপ এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁকে একজন দেহরক্ষী দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!